ঠান্ডায় জবুথবু কলকাতা, পারদ নামবে আরও
কলকাতা, ২১ জানুয়ারি: কাঁপছে কলকাতা। কাঁপছে বাংলা।
মাঝখানে কয়েকদিন বিরতি দিলেও জাঁকিয়ে ঠান্ডা পড়ল আবারও। গত দু'দিন ধরে যে কনকনে ভাব ছিল, বুধবারও তার বিরাম নেই। এ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ১২.৫ ডিগ্রিতে, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সঙ্গে দোসর উত্তুরে হাওয়া। এক্কেবারে জবুথবু অবস্থা।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে এখন কোনও ঘূর্ণাবর্ত নেই। ফলে উত্তুরে হাওয়াকে ঠেলে সরিয়ে দেওয়ার মতো শক্তি অনুপস্থিত। যেহেতু উত্তুরে হাওয়া বাধাহীনভাবে প্রবাহিত হচ্ছে, তাই বায়ুমণ্ডলে তাপমাত্রা নেমে যাচ্ছে। আগামীকাল ও পরশু সর্বনিম্ন তাপমাত্রা আরও নেমে ১১ ডিগ্রিতে দাঁড়াতে পারে বলে খবর। ২৫ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা ১১-১২ ডিগ্রিতে ঘোরাফেরা করবে। তার পর ২৬ জানুয়ারি থেকে একটু বাড়তে পারে, যদিও সেটা ১৪ ডিগ্রির বেশি নয়।
এদিকে, বাঁকুড়া, বীরভূম ইত্যাদি জেলাগুলিতে অবস্থা আরও শোচনীয়। এখানে ১০ ডিগ্রিতে নেমে গিয়েছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের মতে আগামী দু'দিন ওই জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়াবে ৯ ডিগ্রি সেলসিয়াস।
সুতরাং, শীত থাকছে।












Click it and Unblock the Notifications