‘উৎসব নয়, হোক মানুষের পুজো’, করোনা আবহে এই মন্ত্রেই পুজো হচ্ছে সুরুচি সংঘে
‘উৎসব নয়, হোক মানুষের পুজো’, করোনা আবহে এই মন্ত্রেই পুজো হচ্ছে সুরুচি সংঘে
এবছর করোনা পরিস্থিতির কারণে অন্যরকম রূপ পেয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। করোনার স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে আয়োজন করা হয়েছে পুজোর। যতটা সম্ভব সামাজিক দূরত্ব রেখে ভির এড়িয়েই এই পুজো হচ্ছে প্যান্ডেলে প্যান্ডেলে। তেমনি করোনা পরিস্থিতির জেরে কারণে এবছর নিউ আলিপুরের সুরুচি সংঘের থিম, 'উৎসব নয়, হোক মানুষের পুজো'। অর্থাৎ জাঁকজমক আর আড়ম্বর বর্জন করে এই অতিমারী পরিস্থিতিতে সাধারণের পাশে দাঁড়াতেই বদ্ধপরিকর নিউ আলিপুরের সুরুচি সংঘ। প্রত্যেক বছরই দক্ষিণ কলকাতার এই পুজো মণ্ডপ থাকে ভিড়ে পরিপূর্ণ। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার মানুষের উপচে পড়া ভিড় থাকে মন্ডপ জুড়ে। কিন্তু এবছর করোনা পরিস্থিতির কারণে পুজোর রূপ পেয়েছে অন্যরকম।

পুজোর মূল উদ্যোক্তা মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, 'পুজোর সময় অনেক মানুষ ভিনরাজ্য তথা বিদেশ থেকেও কলকাতায় আসেন সুরুচির পুজো দেখতে। এবছর অতিমারীর কারণে তাঁরা অধিকাংশই আসতে পারবেন না। অনেকে কোভিডের ভয়ে ভিড় এড়াতে সুরুচিতে পা রাখবেন না। সবার কথা ভেবে ২৪ ঘণ্টাই মণ্ডপ থেকে মাতৃবন্দনার প্রতিটি খুঁটিনাটি মুহূর্ত ক্লাবের ফেসবুক পেজে দেওয়া হবে। এছাড়াও সুরুচির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে 'লাইভ' সম্প্রচার হবে।" চারটি ক্যামেরায় সরাসরি সম্প্রচার হবে 'নিউ আলিপুর সুরুচি সংঘ' ফেসবুক অ্যাকাউন্টে এবং 'সুরুচি সংঘ অফিসিয়াল' ইউটিউব চ্যানেলে।

বিশ্ব দরবারে ভারতীয় শিল্প-সংস্কৃতিকে পৌঁছে দেওয়াই আসল উদ্দেশ্য পুজো উদ্যোক্তাদের। তাই শিল্পী ভবতোষ সুতারের শিল্প ভাবনায় এবারও তাই অন্যমাত্রায় পৌঁছে গিয়েছে সুরুচি সংঘের পুজো। যে মণ্ডপে পা রেখে মন্ত্রমুগ্ধের মতো দেবী দুর্গার মমতাময়ী উপস্থিতি অনুভব করতে পারবেন দর্শনার্থীরা।

পুজোর উদ্বোধনে গরীব দুঃস্থ পরিবারের কচিকাঁচাদের হাতে পোশাক তুলে দিয়েছেন পুজোর সভাপতি ও পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস। পুজোর চারটে দিন সকলের মুখে হাসি ফুটলেই তো উৎসবের সার্থকতা। তাই এই প্রয়াস। একইসঙ্গে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে চলছে মণ্ডপসজ্জার কাজ। জমকালো সাজ কিংবা দামী উপকরণ নয়, উমাকে স্বাগত জানানো হবে একেবারে আটপৌরে ঢঙে। বাঁশ, শাড়ি, কাপড়কেই মূলত ব্যবহার করা হচ্ছে। আর হাজারো ঝড়ঝঞ্ঝা পেরিয়ে শান্তি রূপেন দেবী দুর্গার কাছে এবার শুধুই শুভ সময়ের প্রার্থনা।

পাশাপাশি সুরুচি সংঘের সিঁদুর খেলা সারাবাংলায় বিখ্যাত কিন্তু এবছর করোনা পরিস্থিতির কারণে বন্ধ রাখা হচ্ছে সেই সিঁদুর খেলা। এছাড়াও মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশিকা মানতে দূরত্ব রাখা হচ্ছে। পর্যাপ্ত মাক্স স্যানিটাইজার এর ব্যবস্থা করা হয়েছে প্যান্ডেল চত্বরে।
কলকাতা থেকে জেলা - বাংলার দুর্গাপুজোর নানা মুহূর্তের ছবি দেখুন একনজরে












Click it and Unblock the Notifications