বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিটে নারীসুরক্ষায় কড়া নজর পুলিশের
কলকাতা, ৩১ ডিসেম্বর: বর্ষবরণের রাতে অপ্রীতিকর পরিস্থিতি রুখতে পার্ক স্ট্রিট ও ধর্মতলায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করল কলকাতা পুলিশ। ইভ টিজিং-শ্লীলতাহানির পাশাপাশি পকেটমারি রুখতে মোতায়েন করা হয়েছে সাদা পোশাকের পুলিশও।
বর্ষবরণের রাতে ফি বছরই ভিড় উপচে পড়ে পার্ক স্ট্রিটে। ভিড়ের সুযোগে মদ্যপ অবস্থায় মেয়েদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে জেরবার হয় পুলিশ। এ বার তাই নারীসুরক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছেন লালবাজারের কর্তারা।

কীভাবে পুলিশ রুখবে ইভ টিজিং, শ্লীলতাহানির মতো ঘটনা? কলকাতা পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট কমিশনার জানান, পার্ক স্ট্রিটের পাশাপাশি ধর্মতলা ও ময়দান চত্বরে ভিড়ে মিশে থাকবেন মহিলা পুলিশকর্মীরা। তাঁরা সাদা পোশাকে থাকবেন। কেউ কটূক্তি করলে খপ করে ধরে খবর দেওয়া হবে ভিড়ে মিশে থাকা পুরুষ পুলিশকর্মীদের। ১৭টি অস্থায়ী অ্যাসিস্ট্যান্স বুথ তৈরি করা হয়েছে সংশ্লিষ্ট এলাকায়, যাতে ঘটনাস্থলে দরকারে অতিরিক্ত পুলিশকর্মী পৌঁছতে পারে।
এ ছাড়া বাইকবাহিনীর তাণ্ডব রুখতে ৪৫টি রেডিও ফ্লাইং স্কোয়াড মোতায়েন করা হয়েছে। থাকবে সাতটি কুইক রেসপন্স টিম। পুলিশের বক্তব্য, কেউ মদ খেয়ে বাইক চালাচ্ছে বোঝা গেলে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হবে।












Click it and Unblock the Notifications