মমতাকে নিয়ে 'বিরূপ' মন্তব্যে আইনজীবী কৌস্তভ বাগচির বাড়িতে পুলিশ! গ্রেফতার করা হয়েছে, দাবি কংগ্রেস নেতার
ভোর রাতে কংগ্রেস নেতা তথা আইনজীবীর বাড়িতে পৌঁছে গেল কলকাতা পুলিশের দল। তাঁকে বসিয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। সোশ্যাল মিডিয়ায় কৌস্তভ বলেছেন, তাঁকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচি। ভোর রাতে কংগ্রেস নেতা তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তভ বাগচির বাড়িতে পৌঁছে যায় বড়তলা থানার পুলিশের একটি দল। তাঁকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে সোশ্যাল মিডিয়ায় কৌস্তভ বলেছেন তাঁকে গ্রেফতার করা হয়েছে। পরে অবশ্য সংবাদ মাধ্যমের সঙ্গে সকাল সাতটা নাগাদ দেওয়া সাক্ষাৎকার তিনি বলেছেন, পুলিশ তখনও কিছু জানায়নি। তবে সব কিছুর জন্যই তিনি তৈরি বলে জানিয়েছেন। এরপর কৌস্তভ বাগচিকে বড়তলা থানায় নিয়ে যাওয়া হয় এবং গ্রেফতারের কথা জানানো হয়।

অধীর চৌধুরীকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়
২ মার্চ সবে মাত্র ফল বেরিয়েছে সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে। তারপরেই নবান্নে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে নিশানা করেন। তিনি বলেন, এত বড় বড় কথা বলছেন। তাঁর মেয়ের আত্মহত্যা নিয়ে যদি জিজ্ঞাসা করা যায়, কিছু বলতে পারবেন। এছাড়াও অধীর চৌধুরীর গাড়ির চালকের মৃত্যু নিয়েও প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গাড়ির ড্রাইভারের আত্মহত্যা নিয়ে যদি কিছু বলি! অনেক ঘটনা তিনি জানেন, ফলে তাঁর মুখ যেন না খোলানো হয়, হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পাল্টা নিশানা করেন কৌস্তভ
তবে চুপ করে বসে থাকেনি কংগ্রেস। কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচি সাংবাদিক সম্মেলন করে বলেন, নির্বাচনে হেরে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে তৃণমূল। অধীর চৌধুরী বারণ করেছিলেন মন্তব্য করতে। ততে তিনি চুপ করে থাকবেন না। এরপরেই তিনি প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন আমলা দীপক ঘোষের বই নিয়ে পাল্টা আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ওই বইয়ের সফট কপি ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও তিনি দেন। এব্যাপারে তিনি দুটো হোয়াসটঅ্যাপ নম্বরও উল্লেখ করেন। তারপরে তিনি বলেন, এর পর কিছু হলে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী থাকবেন।
ভোর রাতে কৌস্তভের বাড়িতে পুলিশ
এদিন ভোর রাতে, দাবি অনুযায়ী রাত তিনটের সময় কৌস্তভ বাগচির ব্যারাকপুরের আনন্দপুরীর বাড়িতে বড়তলা থানার পুলিশ পৌঁছে যায়। বাড়ি আটক করে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন কৌস্তভ বাগচি। ফেসবুক পোস্টে কৌস্তভ বলেন তাঁকে গ্রেফতার করা হয়েছে। সকাল সাতটা নাগাদ বড়তলার থানার আরেকটি দল গিয়ে তাঁকে নিয়ে যায় বড়তলা থানায়। তাঁকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় হাজির ছিলেন কংগ্রেসের নেতা কর্মীরা। গাড়িতে তোলার সময় তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে স্লোগানও দেন। তবে তাঁকে গ্রেফতার করা হলে, কী কী ধারা দেওয়া হয়ে, তা এই প্রতিবেদন খেলা পর্যন্ত জানা যায়নি। পুলিশের তরফেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কংগ্রেসের প্রতিক্রিয়া
দলের নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচির বাড়িতে পুলিশ যাওয়ার ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবং প্রবীণ কংগ্রেস নেতা নেপাল মাহাত। কৌস্তভ বাগচির প্রতি পুলিশের এই আচরণের প্রতিবাদ করে এদিন কংগ্রেসের তরফে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
(ছবি সৌজন্য: ফেসবুক)












Click it and Unblock the Notifications