RG Kar Incident: নগরপালের পদত্যাগের দাবিতে পথেই প্রতিবাদে জুনিয়র চিকিৎসকরা, পুলিশের দৌত্য ফের ব্যর্থ
RG Kar Incident: আরজি কর হাসপাতাল কাণ্ডে কলকাতার নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। ১৯ ঘণ্টা ধরে লালবাজারের অদূরে তাঁরা পথে বসেই প্রতিবাদ জানাচ্ছেন।
গতকালের পর আজও পুলিশের দৌত্য ব্যর্থ হয়েছে। পুলিশের একটি বিকল্পের পাল্টা তিনটি বিকল্পের কথা জানিয়েছেন আন্দোলনকারীরা।

লাল গোলাপ, প্রতীকী মেরুদণ্ড নিয়ে গতকাল দুপুরে লালবাজার অভিযানে যাচ্ছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক ও নার্সরা। ৯ ফুট উঁচু ব্যারিকেড দিয়ে কার্যত রণসাজে সজ্জিত হয়ে সেই শান্তিপূর্ণ মিছিলকে বাধা দেয় পুলিশ। তারপর থেকেই রাস্তায় বসে প্রতিবাদ চালাচ্ছেন আন্দোলনকারীরা।
গতকাল দফায় দফায় আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। এরপর আজ আন্দোলনকারীদের কাছে যান কলকাতার অতিরিক্ত পুলিশ সুপার সন্তোষ পাণ্ডে। তিনিও প্রস্তাব দেন, আন্দোলনকারীদের প্রতিনিধিদের কয়েকজনকে লালবাজারে গিয়ে কথা বলতে।
যদিও আন্দোলনকারীরা জানিয়ে দেন, আমরা গতকালের অবস্থানেই স্পষ্ট। পুলিশ একটি বিকল্প দিচ্ছে। আমাদের তরফে তিনটি বিকল্প দেওয়া হচ্ছে। ১) বিবি গঙ্গোপাধ্যায় স্ট্রিট-বেন্টিঙ্ক স্ট্রিট সংযোগস্থল অবধি মিছিলকে যেতে দেওয়া হবে। ২) তারপর কয়েকজন প্রতিনিধি গিয়ে লালবাজারে গিয়ে নগরপালের কাছে তাঁর পদত্যাগের দাবি জানাবেন। ৩) না হলে পুলিশ কমিশনার এসে আমাদের দাবিপত্র গ্রহণ করুন। চিকিৎসকরা শান্তিপূর্ণভাবে মানবশৃঙ্খল গড়বেন।
যদিও পুলিশ এই তিনটি বিকল্পের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি এখনও পর্যন্ত। ফলে আন্দোলনকারীরা প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। এই বিষয়টি ওঠে আজ বিধানসভাতেও। ধর্ষণ-বিরোধী কড়া বিলের বিষয়ে আলোচনা চলাকালীন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, রাতভর রাস্তায় বসে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। কলকাতার নগরপাল কেন বিশাল পুলিশবাহিনী নিয়ে গিয়েও চিকিৎসকের দাবি গ্রহণ করতে পারলেন না?












Click it and Unblock the Notifications