কসবায় আধিকারিক খুনে রহস্য ভেদ একদিনেই! গ্রেফতার পরিচারক
কসবায় কেন্দ্রীয় সরকারি মহিলা আধিকারিক খুনে একদিনেই রহস্যভেদ করল কলকাতা পুলিশ। জিজ্ঞাসাবাদের পর কসবা পুলিশ গ্রেফতার করেছে পরিচারক শম্ভু কয়ালকে।
কসবায় কেন্দ্রীয় সরকারি মহিলা আধিকারিক খুনে একদিনেই রহস্যভেদ করল কলকাতা পুলিশ। জিজ্ঞাসাবাদের পর কসবা পুলিশ গ্রেফতার করেছে পরিচারক শম্ভু কয়ালকে। পুলিশের দাবি, টানা জেরায় নিজের দোষ স্বীকার করেছে শম্ভু। সোমবার ধৃতকে আলিপুর আদালতে তোলা হবে।

পাওনা টাকা নিয়ে দুজনের বচসা। এরপরেই শীলা চৌধুরীকে খুন করে শম্ভু। পুলিশি জেরার এমনটাই জানিয়েছে শম্ভু। তার দাবি, দিন কয়েক আগে শীলা চৌধুরী পরিচারক শম্ভুর কাছ থেকে ২৭ হাজার টাকা নিয়েছিল। কিন্তু বাড়িতে সেকথা বলেনি সে। বাড়ি থেকে টাকার চাপ দিতেই শীলা চৌধুরীর কাছে টাকার দাবি করে শম্ভু। এনিয়ে রবিবার বচসা হয় দুজনের। রাগের বশে শীলা চৌধুরীর মাথা দেওয়ালে ঠুকে দেয়। তবে মাথা ঠোকার জের এতটাই বেশি ছিল যে শীলা চৌধুরীর মাথা ফেটে যায়। এই সময় মৃত্যু নিশ্চিত করতে বালিশ চাপা দেওয়া হয় বলে জানিয়েছে শম্ভু। এমনটাই দাবি কলকাতা পুলিশের।
মৃত্যু নিশ্চিত করার পর শম্ভু দেহ টেনে নিয়ে যায় রান্না ঘরে। এরপর পুলিশকে বিভ্রান্ত করতে আগে থেকে দেখা চলচ্চিত্র অনুযায়ী, গ্যাসের কাছ থেকে দড়ি নিয়ে বারান্দায় নিয়ে যায়। সেই অনুযায়ী চিত্রনাট্যও তৈরি করে ফেলে শম্ভু।
শনিবার বিকেলেই পুলিশ পরিচারক শম্ভু কয়ালকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। ডাকা হয় বাড়ির লোককে। শম্ভুর সামনে বসিয়ে দেওয়া হয় বাড়ির সদস্যদের। টাকা ধার দেওয়ার বিষয়টি পরিবারের সদস্যরা জানত না বলে জানা গিয়েছে।
যদিও পদস্থ কেন্দ্রীয় সরকারি আধিকারিক কেন পরিচারকের কাছ থেকে ধার নেবেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। এর পিছনে পুরনো আরও কোনও ঘটনা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। কয়াল পরিবার সূত্রে জানা গিয়েছে, একটা সময়ে শম্ভু কয়ালের মা-ও শীলা চৌধুরীর ফ্ল্যাটে কাজ করতেন। কিন্তু তাঁকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়।
পুলিশের অনুমান শম্ভু একা নয়। এই খুনের পিছনে আরও কেউ রয়েছে। শম্ভুকে গ্রেফতারের পর খুনের সঙ্গে জড়িত দ্বিতীয় কিংবা আরও বেশি ব্যক্তির সন্ধানে পুলিশি অনুসন্ধান জারি রয়েছে।
রবিবার ঘটনাস্থলে যান ফরেনসিক বিশেষজ্ঞরা। দড়ি ঝুলে থাকায় ফ্ল্যাটের বারান্দার সামনে থাকা ডোবাতেও চলে তল্লাশি। পুলিশের সন্দেহ ছিল খুনের পিছনে রয়েছে পরিচিত কারও হাত।












Click it and Unblock the Notifications