ইদের ছুটি পূর্বনির্ধারিত দিনেই, পোস্ট ডিলিট সত্ত্বেও গুজবে কড়া ব্যবস্থা কলকাতা পুলিশের
ইদের ছুটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো নির্দেশিকা ছড়ানোর অভিযোগে কলকাতা পুলিশ কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে। আর কলকাতা পুলিশ তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতেই পোস্টটিকে ডিলিট করে দেওয়া হয়েছে পেজ থেকে।
ইদের ছুটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো নির্দেশিকা ছড়ানোর অভিযোগে কলকাতা পুলিশ কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে। আর কলকাতা পুলিশ তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতেই পোস্টটিকে ডিলিট করে দেওয়া হয়েছে পেজ থেকে। তা সত্ত্বেও কলকাতা পুলিশ সক্রিয় এ ধরনের ভুয়ো পোস্টের বিরুদ্ধে আইনানুগ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যিনি এই পোস্ট করেছেন, তাঁকেও সাবধান করে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে।

বছর শুরু আগেই প্রস্তাবিত সরকারি ছুটির তালিকা প্রকাশ করা হয়ে থাকে। সেই তালিকা অনুযায়ী সরকারিভাবে ইদের ছুটি অন্যান্য বছরের মতো একদিনই থাকছে। সেইসঙ্গে সরকারি তরফে জানিয়ে দেওয়া হয়েছে এই ছুটির কিছুটা অদলবদল হতে পারে। কেননা চাঁদ দেখার সঙ্গে ইদের সম্পর্ক রয়েছে। সেইমতো শুক্রবার ইদ হলে ওইদিন অর্থাৎ ১৫ জুন ছুটি এগিয়ে আসতে পারে। বা ইদ পিছিয়ে গেলে রবিবার ছুটি হতে পারে। সেক্ষেত্রে বাড়তি ছুটি ধার্য হতে পারে একদিন। যদিও সেই সম্ভাবনা প্রায় নেই-ই।
তবে ১৬ জুন অর্থাৎ শনিবার ইদ হলে শনি ও রবিবার টানা দুদিন ছুটি হয়ে যাবে কার্যত। মুসলিম সমাজ, দীর্ঘদিন ইদের ছুটি অন্তত দুদিন দেওয়ার পক্ষে সওয়াল করে আসছে। কিন্তু সেই দাবি মানা হয়নি। ২০১৬ সালে দুদিন ছুটি দেওয়া হয়েছিল। এবার আপাতত একদিন ছুটিই ধার্য হয়ে রয়েছে।
এরই মধ্যে, রাজ্যের এক অতিরিক্ত সচিব রাজশেখর বন্দ্যোপাধ্যায়ের নাম করে একটি ভুয়ো নির্দেশিকা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ভুয়ো পোস্টে জানানো হয়েছে, ৮ জুন জারি করা নির্দেশিকায় ১৬ জুন ইদের ছুটি ছড়াও ১২ থেকে ১৫ জুন রাজ্যের পক্ষ থেকে ইদের ছুটি দেওয়া হয়েছে। সরকারি অফিস, শিক্ষা কেন্দ্র, আধাসরকারি সংস্থাগুলি সেই কারণে বন্ধ থাকবে।
কলকাতা পুলিশ ইদের ছুটি নিয়ে এই ভুয়ো নির্দেশিকার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। যে বা যারা এই ভুয়ো পোস্ট ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে কারা এই ঘটনায় জড়িত।












Click it and Unblock the Notifications