কলকাতা পুলিশের হাতে এল অত্যাধুনিক এই রাইফেল
কলকাতা পুলিশের হাতে এল অত্যাধুনিক স্নাইপার রাইফেল। উত্তর ২৪ পরগনার ইছাপুরের রাইফেল ফ্যাক্টরিতে তৈরি হয়েছে এই রাইফেল।
কলকাতা পুলিশের হাতে এল অত্যাধুনিক স্নাইপার রাইফেল। উত্তর ২৪ পরগনার ইছাপুরের রাইফেল ফ্যাক্টরিতে তৈরি হয়েছে এই রাইফেল। মঙ্গলবার কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের হাতে অত্যাধুনিক এই রাইফেলটি তুলে দেন ইছাপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার রত্নেশ্বর ভর্মা।

কলকাতা বা রাজ্যের কোনও থানায় নয়, শুধুমাত্র ভিভিআইপিদের নিরাপত্তায় এই রাইফেল ব্যবহার করবে কলকাতা পুলিশ। জানিয়েছেন পুলিশ কমিশনার রাজীব কুমার। ঠিক কতগুলি রাইফেল কলকাতা পুলিশ কিনছে, সেই সংখ্যাটা জানাতে রাজি হননি পুলিশ কমিশনার।
৮০০ মিটার দূরত্ব পর্যন্ত নির্দিষ্ট লক্ষ্যে আঘাত আনতে সক্ষম রাইফেলটি। ম্যাগাজিনে একসঙ্গে ৫টি গুলি ভরা যাবে। সব কিছু নিয়ে এক একটি রাইফেলের দাম পড়েছে আড়াই লক্ষ টাকা। বিদেশি কম্পানির যে কোনও রাইফেলের দাম এর তিনগুণ। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ৭.৬২ এমএম রাইফেলটির ওজন ৬ কেজি ৭০০ গ্রাম।
ইতিমধ্যেই গোটা দেশে প্রায় ২০০টি স্নাইপার রাইফেল তৈরির বরাত পেয়েছে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি। হরিয়ানা পুলিশ ৬টি ও অসম রাইফেলস ৫০ টি স্নাইপার রাইফেল তৈরির বরাত দিয়েছে।












Click it and Unblock the Notifications