Tab Scam: পড়ুয়াদের ট্যাবের অন্যের অ্যাকাউন্টে কীভাবে গেল? রহস্য ফাঁস করতে সিট গঠন করল লালবাজার
West Bengal Tab Scam: ক্রমশ ছড়িয়ে পড়ছে ট্যাব কেলেঙ্কারির টাকা! জেলার বিভিন্ন স্কুল থেকে একের পর এক অভিযোগ সামনে আসছে। এমনকি কলকাতার একাধিক স্কুলের পড়ুয়াদের অ্যাকাউন্টে ট্যাবে টাকা ঢোকেনি বলে অভিযোগ। এমন অন্তত শতাধিক পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব হয়ে গিয়েছে বলে কলকাতা পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে।
পরিস্থিতি যা তাতে অভিযোগ ক্রমশ বাড়ছে। এই অবস্থায় (West Bengal Tab Scam) নড়েচড়ে বসল কলকাতা পুলিশ। বিশেষ তদন্তকারী দল সিট গঠন করল লালবাজার (Lal Bazar)। ১০ জন সদস্যকে নিয়ে বিশেষ এই দল গঠন করা হয়েছে। যা খবর, খুব শীঘ্রই বিশেষ এই তদন্তকারী দল কাজ শুরু করে দেবে (West Bengal Tab Scam)।

একাদশ এবং দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য রাজ্য সরকার ১০ হাজার টাকা করে দেয়। 'তরুণের স্বপ্ন' প্রকল্পের অধীনে এককালীন সরকার এই টাকা দেওয়া হয়। পুজোর আগে নির্দিষ্ট পোর্টালে এই সংক্রান্ত আবেদন জানান পড়ুয়ারা। সেই মতো পুজোর পর থেকেই সেই টাকা দিতে শুরু করে সরকার।
আর এখানেও বিপত্তি তৈরি হয়। একের পর এক জায়গা থেকে অভিযোগ আসতে শুরু করে যে টাকা অ্যাকাউন্টে আসেনি। প্রথম পূর্ব বর্ধমান জেলায় এই অভিযোগ সামনে আসে। জানা যায়, একাধিক পড়ুয়ার টাকা অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্টে চলে গিয়েছে। যা নিয়ে একেবারে উত্তাল হয় রাজ্য-রাজনীতি। রাজনৈতিক বিতর্ক শুরু হয়। আর এরমধ্যেই একের পর এক জেলা থেকে এহেন অভিযোগ আসতে শুরু করে। উত্তর থেকে দক্ষিণ একাধিক পড়ুয়ার টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে।
শুধু জেলা নয়, কলকাতাতেও ছবিটা এক। বিভিন্ন স্কুলের পড়ুয়ারা এই বিষয়ে অভিযোগ জানাতে থাকেন। যাদবপুর, কসবা, বেনিয়াপুকুর, মানিকতলা, ওয়াটগঞ্জ, সরশুনা, জোড়াসাঁকো সহ একাধিক থানায় একের পর এক অভিযোগ হয়। সবাই প্রায় অভিযোগ জানান যে, ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে চলে গিয়েছে। প্রত্যেকদিনই কার্যত অভিযোগ লম্বা হচ্ছে। এই অবস্থায় নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা।
১০ জন স্পেশাল অফিসারকে নিয়ে তৈরি হয়েছে বিশেষ সিট। পুরো ঘটনা খতিয়ে দেখছেন আধিকারিকরা। অন্যদিকে জেলা পুলিশের তরফেও সিট গঠন করা হয়েছে প্রত্যেক জেলায়। সিটের সদস্যরা যোগাযোগ রেখে কাজ করছেন। ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জেরা করা হচ্ছে। মনে করা হচ্ছে, পুরো ঘটনার পিছনে বিহার যোগ আছে। বেশ কয়েকটি সাইবার ক্যাফের ভূমিকাও নজরে রয়েছে তদন্তকারী সংস্থার।












Click it and Unblock the Notifications