RG kar Hospital: আরজি কর সংলগ্ন এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা বহাল, স্বাস্থ্য ভবনের সামনে নিরাপত্তা বাড়াল পুলিশ
RG kar Hospital: আরজি কর সংলগ্ন এলাকায় বেআইনি জমায়েত নিয়ে নিষেধাজ্ঞা বাড়ল আরও ১৫ দিন। শুক্রবার কলকাতা পুলিশের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গত ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ থেকে চিকিৎসকের দেহ উদ্ধার হওয়ার পর থেকে উত্তপ্ত গোটা শহর। তারই মধ্যে আরজি করে তাণ্ডব চলায় প্রশ্ন ওঠে নতুন করে।
এরপরই বেআইনি জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। কলকাতা পুলিশের কমিশনার (Kolkata Police) বিনীত গোয়েল এই নিষেধাজ্ঞা জারি করেছেন। পুলিশের আশঙ্কা নিষেধাজ্ঞা উঠে গেলে নতুন করে পরিস্থিতি অশান্ত হতে পারে। লালবাজারের তরফে জানানো হয়েছে, আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর আরজি কর (RG kar Hospital) সংলগ্ন এলাকায় পাঁচ জন বা তার বেশি মানুষ জমায়েত করতে পারবে না।

মূলত আরজি কর সংলগ্ন শ্যামপুকুর, উল্টোডাঙা, টালা থানা এলাকার রাস্তালিতে, বেলগাছিয়া রোড, জেকে মিত্র রোড ক্রসিং, শ্যামবাজার পাঁচ মাথার মোড়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওই সব এলাকায় একসঙ্গে বহু মানুষ জড় হলে ব্যবস্থা নেবে পুলিশ। এমনটাই জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে। অন্যদিকে স্বাস্থ্য ভবনের সামনে নিরাপত্তা বাড়াল বিধাননগর কমিশনারেট।
শুক্রবার একটি অডিও প্রকাশ করে বিস্ফোরক দাবি করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বিপদে ফেলতে ভয়ঙ্কর প্লট সাজানো হয়। বৈঠক ভেস্তে যাওয়ার পরেই জুনিয়ার ডাক্তারদের উপর হামলার ছক তৈরি করা হয়।
এমনকি এর পিছনে বাম যুব সংগঠন এবং অতি বাম সংগঠন আছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়। এরপরেই স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানরত জুনিয়ার ডাক্তারকে সতর্ক থাকার বার্তা দেন কুণাল ঘোষ। একই সঙ্গে পুলিশকেও নজর রাখর আবেদন জানানো হয়।
এরপরেই নড়েচড়ে বসে বিধাননগর কমিশনারেট। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। এবং ঘটনার তদন্ত শুরু করে। অডিও ক্লিপের বিষয়ে তদন্ত শুরু করে। তদন্তে নেমে এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে থাকা ডাক্তারদের নিরাপত্তা বাড়ানো হচ্ছে।
গোটা এলাকা সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে। সেখানে যাতে কেউ না ঢুকতে পারে সেজন্য পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। অন্যদিকে মোতায়েন করা হয়েছে র্যাফও। ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে গোটা এলাকাকে। কাউকে ধারেকাছে যেতে দেওয়া হচ্ছে না।












Click it and Unblock the Notifications