Jadavpur University: অশান্ত যাদবপুরে ঢুকল পুলিশ! ক্যাম্পাসের বাইরে ভেতরে উর্দিধারীতে ছয়লাপ, যুযুধান SFI-TMCP
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সোমবার টানটান নাটক। ক্যাম্পাসে সাদা পোশাকে উর্দিধারী পুলিশ (Kolkata Police)। তৃণমূলপন্থী অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র (Omprakash Mishra) এদিন ক্যাম্পাসে ঢুকতেই প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ দেখায় পড়ুয়ারা। অধ্যাপকের ঘরে মহিলা পুলিশের প্রহরা। সাদা পোশাকে পুলিশ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগেও। সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা কাটাতে বৈঠকের দিনই ক্যাম্পাসে পুলিশে ছয়লাপ।
এদিকে ক্যাম্পাসে পুলিশ ঢুকতেই তীব্র প্রতিবাদ এসএফআইয়ের (SFI)। শিক্ষাঙ্গনে কেন পুলিশ থাকবে, সেই প্রশ্ন তুলেছে এসএফআইয়ের সদস্যরা। ১ মার্চ গন্ডগোলের দিন পুলিশ কোথায় ছিল? প্রশ্ন বামপন্থী ছাত্র সংগঠনের। শাসককে বাঁচাতেই আসরে পুলিশ বলে দাবি তাঁদের। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশ ঢোকা নিয়ে অন্য অবস্থান তৃণমূলের। নিরাপত্তার জন্য পুলিশ ঢুকলে আপত্তি নেই বলে দাবি তৃণমূল ছাত্র পরিষদের (TMCP)।

এদিকে পুলিশকে তিনি ডাকেননি বলে স্পষ্টতই জানিয়েছেন অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র। হাত জোড় করে এদিন ক্যাম্পাসে ঢোকেন অধ্যাপক। কলকাতা পুলিশের টিমের ক্যাম্পাসে ঢোকার দৃশ্য কার্যত বেনজির। বিশ্ববিদ্যালয়ের বাইরে উর্দিধারী পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্যাম্পাসের ভেতরে সিভিল ড্রেসে রয়েছেন পুলিশ আধিকারিকরা। আর তাতেই তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করে এসএফআই।
যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আলোচনায় বসার জন্য সোমবারের ডেডলাইন বেঁধে দিয়েছেন আন্দোলনকারী পড়ুয়ারা। সমাধানসূত্র খুঁজতে সোমবার সবপক্ষকে নিয়ে বৈঠক ডাকল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার বেলা সাড়ে ১১টায় সেইমতো বৈঠক ডাকা হয়। অথচ সেই বৈঠক ভেস্তে যায় ক্যাম্পাসে পুলিশ ঢুকতেই। তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করে এআইডিএসও ও এসএফআই।
বিক্ষোভাকারী পড়ুয়াদের দাবি, শিক্ষাঙ্গনে পুলিশ ঢোকা মানে গণতন্ত্রের পরিবেশ নষ্ট হওয়া। পড়াশোনার জায়গায় পুলিশ ঢুকে কেন ভয়ের বাতাবরণ হবে, সেই প্রশ্ন করেছেন এসএফআই সদস্যরা। অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের গাড়িতে ১ মার্চ পড়ুয়াকে ধাক্কা দেওয়া হয়েছে বলে দাবি তাঁদের। ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছে এসএফআই। এদিকে টিএমসিপির দাবি, তাদের পার্টি অফিস ভেঙে দিয়েছিল এসএফআই। সেক্ষেত্রে নিরাপত্তার স্বার্থে ও শান্তি প্রতিষ্ঠায় পুলিশ এসে থাকলে তাদের কোনও আপত্তি নেই।












Click it and Unblock the Notifications