ভাইরাল ভিডিও, বহিরাগত কেউ ছিল না, দাবি কলকাতা পুলিশের! তাহলে আইনজীবী কেন ছিলেন?
RG Kar Hospital Doctor Death: প্লেস অফ অকারেন্স অর্থাৎ ঘটনাস্থল সম্পূর্ণ কর্ডন করা ছিল। ৫১ ফুটের সেমিনার হলের ৪০ ফুট এলাকা সম্পূর্ণ ঘেরা ছিল। সেখানে বহিরাগত কেউ ছিল না। এমনটাই দাবি কলকাতা পুলিশের। দীর্ঘ ১৮ দিন পর আরজি কর হাসপাতালের সেমিনার হলের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে একাধিক ব্যক্তিকে দেখা যাচ্ছে।
যা নিয়ে কলকাতা পুলিশের (Kolkata Police) ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আর এর মধ্যেই সামনে ভাইরাল ভিডিও'র (ওয়ান ইন্ডিয়া বাংলা সত্যতা যাচাই করেনি) ব্যাখ্যা দিল কলকাতা পুলিশ (RG Kar Hospital Doctor Death)। ভিডিও সামনে আসার পরেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।

শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। আর এর মধ্যেই লালবাজারের সাংবাদিকদের মুখোমুখি হন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। প্লেস অফ অকারেন্স অর্থাৎ ঘটনাস্থল সম্পূর্ণ কর্ডন করা ছিল। সেখানে বহিরাগত কেউ ঢুকতে পারেনি বলেই দাবি ওই পুলিশ আধিকারিকের।
শুধু তাই নয়, এই বিষয়ে তাঁর ব্যাখ্যা, সেমিনার হলটি ছিল ৫১ ফুটের। দেহ থেকে গোটা হলের ৪০ ফুট এলাকা সম্পূর্ণ ঘেরা ছিল। বাকি যে ১১ ফুট জায়গা ছিল, সেখানে লোকেরা দাঁড়িয়ে ছিল বলে দাবি ডিসি সেন্ট্রালের। এমনকি 'অভয়া'র বাবা-মা, চিকিৎসকরা কলকাতা পুলিশের উপস্থিতিতেই দাঁড়িয়ে ছিল। এমনকি যে সমস্ত জুনিয়ার ডাক্তাররা বিভিন্ন দাবি জানাচ্ছিলেন তাঁদের কথাও সেই ১১ ফুটের জায়গাতে দাঁড়িয়েই শোনা হচ্ছিল বলেও দাবি করেছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়।
অন্যদিকে বহিরাগতের না থাকার দাবি করা হলেও, ভাইরাল ভিডিও'তে একজন আইনজীবীকে দেখা যায়। ঘটনার পরে আইনজীবী সেখানে কি করছিল? তা নিয়েও শুরু হয়েছে জোর চর্চা। যদিও এই প্রসঙ্গে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, হাসপাতালের তরফে আইনজীবী উপস্থিত ছিলেন। হাসপাতাল কতৃপক্ষই বলতে পারবে কেন আইনজীবী ছিলেন? তবে হাসপাতালের অনুমতিতেই ছিলেন বলে জানান ওই পুলিশ আধিকারিক। কিন্তু এক্ষেত্রে একাধিক প্রশ্ন থেকে যাচ্ছে।
গোটা ঘরটাই তো প্লেস অফ অকারেন্স তাহলে কেন একটা অংশকে ঘিরে রাখা হল? শুধু তাই নয়, ওই ঘরে ঢোকা বের হওয়ার রাস্তা ছিল একটি। সেক্ষেত্রে প্রমাণ হারিয়ে যাওয়ার বড় আশঙ্কা থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications