চাপ বাড়ছে মুকুলের ওপর! একাধিক ঘনিষ্ঠকে নিয়ে বার্তা মমতার প্রশাসনের
পুজো কাটতে না কাটতেই গ্রেফতার মুকুল রায়ের দুই ঘনিষ্ঠ। সূত্রের খবর অনুযায়ী, রাজু সরকার এবং সুরজিত মাহাত নামে দুই সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে দিল্লি থেকে। কলকাতা পুলিশের একটি দল তাঁদের গ্রেফতার করে কলকাতায় নিয়ে আসে বলে জানা গিয়েছে। মুকুল রায় মমতা প্রশাসনের বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ণতার অভিযোগ করেছেন।

২০১৯-এর নির্বাচনের দিকে লক্ষ্য রেখে রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে মুকুল রায়কে। কেননা বিজেপির টার্গেটে পশ্চিমবঙ্গ। যতটা বেশি সম্ভব আসন পশ্চিমবঙ্গ থেকে দখল করতে চায় বিজেপি। তাঁর সঙ্গে ২০ থেকে ২২ জনের বেশি সাংসদ-মন্ত্রী-নেতার যোগাযোগ রয়েছে বলে জানিয়েছেন মুকুল রায়। দলত্যাগী নেতার সঙ্গে মন্ত্রী-নেতাদের যে যোগাযোগ রয়েছে তা দলীয় বৈঠকেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের একাংশের মত, পাল্টা চাপ তৈরি করতে মুকুল রায় অনুগামীদের গ্রেফতার করা হচ্ছে।
এছাড়াও এর আগে মুকুল রায়ের একাধিক ছায়াসঙ্গীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। বিজেপির একাংশের অভিযোগ, রাজনৈতিক কারণেই এই ব্যবস্থা।
মুকুল রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণতার অভিযোগ করেছেন। তিনি বলেছেন, এই সরকারের আমলে তাঁর বিরুদ্ধে খুনের মামলা-সহ ২৭ টি মামলা করা হয়েছে। নিজের শ্যালক ২০০ দিনের ওপর রয়েছেন জেলে। এমন কী তৃণমূলের থাকা ছেলে শুভ্রাংশুর লাইভ থ্রেট রয়েছে বলেও জানিয়েছেন মুকুল রায়।
যদিও সূত্রের খবর অনুযায়ী, পুলিশ পুলিশের মতো কাজ করছে, জানানো হয়েছে শাসক দলের তরফে।












Click it and Unblock the Notifications