পুজোর কলকাতায় গ্রেফতার দাউদের শাগরেদ , কেরালার মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল
কলকাতা, ৮ অক্টোবর : পুজোর কলকাতায় জঙ্গিহানার ছক রুখে দিল কলকাতা পুলিশের গুণ্ডা দমন শাখা। তাঁদের কাছে গোপন খবর ছিল কলকাতায় ঘাঁটি গেড়েছে এক মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। তার সঙ্গে নাকি দাউদেরও যোগাযোগ রয়েছে।
হাওড়া ব্রিজ থেকে ওই দুষ্কৃতী ও তার এক সঙ্গীকে গ্রেফতার করেন গোয়েন্দারা। আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার হওয়া দুই দুষ্কৃতীকে জেরা করে গোয়েন্দারা বিস্ফোরক তথ্য পেলেন, ধৃত আবু বাকর সিদ্দিকি আন্ডারওয়ার্ল্ড ডন দাউদের শাগরেদ।

বৃহস্পতিবার রাতে হাওড়া ব্রিজে ওই দুজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় পুলিশের। গোপন খবরও ছিল যে, কলকাতায় আস্তানা গেড়েছে ভিনরাজ্যের ওই মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। ওই দু'জনকে বহুক্ষণ ট্র্যাকে রেখেছিলেন গোয়েন্দারা। তারা মালায়লম ভাষায় কথা বলছিল। তখনই তাদের গ্রেফতার করে গুণ্ডাদমন শাখার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় দুটি সেভেন এমএম পিস্তল।
লালবাজারে এনে দু'জনকেই দফায় দফায় জেরা করা হয়। জেরা করে কলকাতা এসটিএফ ও গোয়েন্দা বিভাগের আধিকারিকরা।
টানা জেরায় ধৃতদের কাছ থেকে কলকাতায় ছড়িয়ে থাকা বেশ কয়েকজনের নাম জানা গেছে। দু'জনেই কেরালার বাসিন্দা। দুই দুষ্কৃতী কেরালার মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। গোয়েন্দারা এখন জানার চেষ্টা করছে, তাদের কলকাতায় আসার উদ্দেশ্য কী ছিল, কোথায় হামলার ছক ছিল?












Click it and Unblock the Notifications