Kolkata Metro: বউবাজারের বিপর্যয় অতীত! মেট্রোর ট্রায়াল রান সফল, জুড়ে গেল হাওড়া-শিয়ালদহ
Howrah-Sealdah Metro: সুড়ঙ্গ বিপর্যয়কে পেছনে ফেলে বউবাজারে (Bowbazar) সফল মেট্রোর প্রথম ট্রায়াল রান (Metro trial run)। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ ইস্ট ওয়েস্ট মেট্রোর (East West Metro) শিয়ালদহ ও এসপ্ল্যানেড স্টেশনের মধ্যে চাকা গড়াল মেট্রোর। যার ফলে হাওড়া ও শিয়ালদহের মতো দুই গুরুত্বপূর্ণ রেলস্টেশনের মধ্যে এবার মেট্রো কানেকশন শুধু সময়ের অপেক্ষা।
মঙ্গলবার পশ্চিমমুখী টানেল অর্থাৎ শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের দিকে প্রথম সফল ট্রায়াল রান করল মেট্রো। শিয়ালদহ ও এসপ্ল্যানেডের মাঝে ২.৬৩ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে মেট্রো। মাঝে রয়েছে শুধু বউবাজার স্টেশন। ট্রায়াল রানে সওয়ার ছিলেন মেট্রো রেলের জিএম পি উদয়ক কুমার রেড্ডি-সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা। ট্রায়াল রান সফল হওয়ায় আনন্দ প্রকাশ করতে দেখা যায় তাঁদেরও।

এরপর আরও কয়েক দফায় ট্রায়াল রান চালাবে মেট্রো রেল। সব ঠিক থাকলে, তারপরই শুরু হবে যাত্রী পরিষেবা। বর্তমানে কলকাতা মেট্রোর গ্রিন লাইন বা ইস্ট-ওয়েস্ট মেট্রোর দুটি ভাগে যাত্রী পরিষেবা চালু রয়েছে।
সল্টলেক সেক্টর ৫ থেকে শিয়ালদহ পর্যন্ত গ্রিন লাইন ১ ও এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত গ্রিন লাইন ২ চালু রয়েছে। আর এবার বউবাজারে যাত্রী পরিষেবা চালু হয়ে গেলে উপকৃত হবেন হাজার হাজার যাত্রী।
ইস্ট ওয়েস্ট মেট্রো পুরোপুরি চালু হয়ে গেলে ফের ইতিহাস গড়বে কলকাতা মেট্রো। কলকাতা তো বটেই শহরতলির প্রচুর মানুষ যারা নিত্যদিন লোকাল ট্রেনে হাওড়া বা শিয়ালদহ নেমে শহরের আনাচে কানাচে যান, তারা সকলে উপকৃত হবেন। সল্টলেক সেক্টর ফাইভে রয়েছে অধিকাংশ অফিস। সেক্ষেত্রে শহরতলি থেকে আসা কর্মীদেরও এবার সুবিধা হবে অফিস যেতে।
শুধু তাই নয়, হাওড়া ও শিয়ালদহের মধ্যেও যাত্রীরা অনায়াসেই যাতায়াত করতে পারবেন। হাওড়ায় রাতে ট্রেন থেকে নেমে মেট্রো ধরে শিয়ালদহ যেতে পারবেন যাত্রীরা। সেখান থেকে শহরতলির লোকাল ট্রেনও তারা অনায়াসেই পেয়ে যাবেন। মঙ্গলবার বউবাজার হয়ে মাত্র ১১ মিনিটেই শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পৌঁছল মেট্রোর ট্রায়াল রেক। সূত্রের খবর, কমিশনার অফ রেলওয়ে সেফটির কাছ থেকে ছাড়পত্র মেলার পরই শিয়ালদহ এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা চালু হবে।
উল্লেখ্য, বউবাজারে সুড়ঙ্গ বিপর্যয়ের ফলে থমকে ছিল ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ। বউবাজারে একের পর এক বাড়িতে ফাটল দেখা দিয়েছিল। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেন স্থানীয় বাসিন্দারা। মেট্রো কর্তাদের বিরুদ্ধে বিক্ষোভও প্রদর্শন করেন তারা। বউবাজারে দুর্গা পিতুরী লেন, স্যাঁকরা পাড়ায় তাই মাটির সার্ভের কাজ শুরু হয়। অবশেষে বউবাজারে মাটির তলা দিয়ে সফল হল মেট্রোর ট্রায়াল রান।












Click it and Unblock the Notifications