East West Metro: ফের ভোগান্তি! ৮ দিন বন্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রো, কোন কোন রুটে স্পেশাল বাস? জেনে নিন
Kolkata East West Metro: বৃহস্পতিবার থেকে টানা চারদিন বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো। এরপর ফের দ্বিতীয় দফায় আরও চারদিন বন্ধ থাকবে পরিষেবা। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ও শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ, গ্রিন লাইনের এই দুই অংশেই বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। বুধবার কলকাতা মেট্রোর তরফে বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে।
ইস্ট ওয়েস্ট মেট্রোয় এখনও বাকি রয়েছে বউবাজারের অংশের কাজ। সিংহভাগ কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। বিপর্যয় কাটিয়ে খুব শীঘ্রই জুড়তে চলেছে বউবাজার অংশ। যার ফলে এসপ্ল্যানেড ও শিয়ালদহের মাঝের অংশও এবার থেকে জুড়ে যাবে।

আর তাই শেষ প্রস্তুতিতে সিবিটিসি অর্থাৎ কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম পরীক্ষা করে দেখা হবে। সিগন্যালিং ব্যবস্থাও সম্পূর্ণ করা হবে। সবটা সম্পন্ন হলে বউবাজার অংশ জুড়ে যাবে গ্রিন লাইনের সঙ্গে।
আর উপরিউক্ত ওই কাজের জন্যই প্রথম দফায় ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি ও দ্বিতীয় দফায় ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চারদিন বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো। এদিকে টানা ৮ দিন মেট্রো বন্ধ থাকার ফলে চরম ভোগান্তির আশঙ্কা যাত্রীদের।
হাওড়া থেকে মেট্রোয় ধর্মতলা হয়ে শহরের নানা প্রান্তে যান হাজার হাজার যাত্রী। অন্যদিকে শিয়ালদহ থেকেও সেক্টর ফাইভে প্রচুর অফিস যাত্রী নিয়মিত যাতায়াত করেন। মেট্রো বন্ধ থাকার ফলে ভোগান্তির শিকার হতে পারেন তারা।
যাত্রীদের ভোগান্তির কথা মাথায় রেখে যাবতীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত পরিবহণ দফতরের। অতিরিক্ত সরকারি বাস, ভেসেল চলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিবহন দফতরের বিরুদ্ধে। বেসরকারি বাস বা অটো যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে চড়া দর না হাঁকাতে পারে সেদিকেও নজর রাখা হবে বলে জানান পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
যাত্রীচাপ সামাল দিতে হাওড়ার পাশাপাশি বিবাদী বাগ, এসপ্ল্যানেড, শিয়ালদহ, সল্টলেক সেক্টর ফাইভ ও উল্টোডাঙা ১৫ নম্বর বাসস্ট্যান্ড থেকে বাড়তি বাস চালানো হবে। পরিবহন দফতর জানিয়েছে হাওড়া থেকে নিউটাউন এস ১২ ও হাইল্যান্ড উইলোগামী এস ১২ ই বাস আরও ২২টি অতিরিক্ত ট্রিপ করবে। হাওড় থেকে সাপুরজি এসি ১২ বাস ১২টি অতিরিক্ত ট্রিপ করবে।
হাওড়া থেকে হাতিশালা ইবি-১৩ বাস ৪টি অতিরিক্ত ট্রিপ করবে। উল্টোডাঙা থেকে ইকোস্পেসগামী এস-৩০ ও উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভগামী এস ৩০ এ বাসদুটি ৩৮টি অতিরিক্ত ট্রিপ করবে। এছাড়াও এসি ৩০ এস, মিডি ১, এসটি ৭, সি ৭, সি ৩৭, এস ৪সি, সি-২৫ (রাজাবাজার-সল্টলেক) ও ডি-৩৬ (উল্টোডাঙা-ইকোস্পেস) শাটলের সংখ্যাও বাড়ানো হবে।












Click it and Unblock the Notifications