ভূমিকম্পে কলকাতার নানা জায়গায় বাড়িতে ফাটল, রাজ্যে মৃত ৩
কলকাতা, ২৫ এপ্রিল : এযেন একেবারে ২০০৪ সালে হওয়া সুনামির স্মৃতিকে উসকে দেওয়া। সেই একইরকম কম্পন অনুভূত হল এদিন কলকাতা সহ গোটা রাজ্যে। নেপালের পোখরা এলাকায় হওয়া ভূমিকম্পের রেশ খুব বেশিমাত্রা টের পাওয়া গেল পশ্চিমবঙ্গে। ঘটনার জেরে আগামিকালই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শিলিগুড়িতে দেওয়াল ভেঙে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়াও সব মিলিয়ে রাজ্যে মোট ৩ জন মারা গিয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। কলকাতা সহ আশেপাশের জেলার নানা জায়গায় প্রবল ভূমিকম্পে বড় বড় বহুতল কেঁপে উঠেছে। পার্কস্ট্রিট, নিউটাউন, সল্টলেকের বহু অফিস খালি করে দেওয়া হয়েছে। নানা জায়গার জলাশয়ে প্রবল জলোচ্ছ্বাস দেখা গিয়েছে। আতঙ্কে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে এসেছেন বহু মানুষ।

এদিন কম্পনের জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে কলকাতা মেট্রো। ১১ টা ৪৫ থেকে ১১ টা ৫০ মিনিটের মাঝে যখন কম্পন অনুভূত হয় তখন শহরের নানা প্রান্তে চলাচলরত গাড়ি দাঁড়িয়ে পড়ে। অফিসে কর্মব্যস্ত বহু মানুষ বহুতলের বাইরে বেরিয়ে আসেন। সকলে চোখেমুখে আতঙ্ক ও একরাশ বিস্ময় নিয়ে গোটা ঘটনা পর্যবেক্ষণ করতে থাকেন।
২০০৪ সালে ইন্দোনেশিয়ার ফুকেট দ্বীপপুঞ্জের নিচে ভূমিকম্প অনুভূত হওয়ায় সেবার ভোররাতে কলকাতা সহ গোটা দেশে প্রবল কম্পন অনুভূত হয়েছিল। কলকাতায় সেভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি না হলেও দেশে নানা প্রান্তে বহু মানুষের প্রাণহানির খবর পাওয়া গিয়েছিল। এবারও এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া না গেলেও কম্পনের মাত্রা যথেষ্ট ছিল।












Click it and Unblock the Notifications