কোন আইনে সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ? আরজি কর মামলায় সুপ্রিম প্রশ্নের মুখে রাজ্য
Kolkata Doctor's Rape-Murder Case Hearing: কোন আইনে সিভিল ভলান্টিয়রদের নিয়োগ করা হয়? আরজি কর ধর্ষণ এবং খুনের মামলায় প্রশ্নের মুখে সিভিক ভলান্টিয়রদের নিয়োগ। এই বিষয়ে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চের।
শুধু তাই নয়, 'সিভিক ভলান্টিয়ারদের কে নিয়োগ করে? কোথায় কোথায় নিয়োগ করা হয় এই সমস্ত বিষয় হলফনামায় উল্লেখ করতে বলা হয়েছে। আজ মঙ্গলবার আরজি কর ধর্ষণ এবং খুনের মামলার শুনানি হয়। মামলার শুনানিতে এদিন ফের একবার সিভিক ভলান্টিয়ারদের বিষয়টি উঠে আসে।
নিরাপত্তায় রাজ্য সরকার 'রাত্তিরের সাথী' প্রকল্প নিয়ে এসেছে। আর সেই প্রকল্পে সিভিক ভলান্টিয়দের নিয়োগ করা হচ্ছে বলে এদিন আদালতে অভিযোগ জানানো হয়।

ধর্ষণ এবং খুনের মামলায় ইতিমধ্যে এক সিভিককে গ্রেফতার করা হয়েছে। এই অবস্থায় এমন একটা রাজ্য সরকারের প্রকল্পে সিভিকদের নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে মামলার শুনানি। এমনকি এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের একটি নির্দেশের কথাও বলা হয়।
যেখানে স্পষ্ট বলা হয় আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোনও কাজে সিভিক ভলান্টিয়ারদের রাখা যাবে না। এরপরেই এই সমস্ত সিভিক ভলান্টিয়দের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বিশেষ বেঞ্চ। কী ভাবে সিভিক ভলান্টিয়ারের নিয়োগ হয়? নিয়োগের শিক্ষাগত যোগ্যতা কী? এই সমস্ত বিষয়ে বিস্তারিত জানিয়ে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
শুধু তাই নয়, সিভিকদের নিয়োগের আগে কীভাবে তথ্য যাচাই করা হয়, কোন কোন ক্ষেত্রে এদের নিয়োগ করা হয় তাও হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি বেতন এবং বাজেট বরাদ্দ সংক্রান্ত তথ্যও জমা দেওয়ার কথা বলা হয়েছে রাজ্যকে।
এখানেই শেষ নয়, স্কুল, হাসপাতালের মতো স্পর্শকাতর জায়গায় যে সিভিকদের রাখা যাবে না তাও রাজ্যকে হলফনামা আকারে জমা দিতে হবে বলেও জানানো হয়েছে। এমনকি গুরুত্বপূর্ণ তদন্ত কিংবা কোনও থানায় সিভিক সিভিককে নিয়োগ করা হয়নি, তাও রাজ্য সরকারকে হলফনামায় নিশ্চিত করতে হবে বলে জানা যাচ্ছে। যা নিঃসন্দেহে অস্বস্তি বাড়াবে বলেই মনে করা হচ্ছে। দিপাবলীর পর ফের এই সংক্রান্ত মামলার শুনানি আছে। সেদিনই এই হলফনামা রাজ্যকে জমা দিতে হবে বলে জানা যাচ্ছে।
অন্যদিকে মেডিক্যাল কলেজ এবং হাসপাতালগুলিতে সিসিটিভি সহ অন্যান্য কাজ নিয়ে বিস্তারিত সওয়াল জবাব চলে। ৩১ অক্টোবরের মধ্যে আরজি করের সমস্ত কাজ শেষ হবে বলে রাজ্যের তরফে জানানো হয়েছে। এমনকি অন্যান্য কাজ আগামী ২৫ তারিখের মধ্যে শেষ হয়ে যাবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications