HMPV in Kolkata: কলকাতায় HMPV ভাইরাসে আক্রান্ত ৬ মাসের শিশু! কী কী উপসর্গ ছিল?
HMPV in Kolkata: বেঙ্গালুরু, গুজরাটের পর এবার কলকাতায় এইচএমপিভি (Human Metapneumovirus) আক্রান্তের খোঁজ মিলল। যাদবপুর নিবাসী ৬ মাসের ওই শিশুর জ্বর ছিল বলে খবর। পরে পরে শ্বাসকষ্ট, বমির উপসর্গ (Symptoms) দেখা যায় বলে সূত্রের খবর। আপাতত সে সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল শিশুটি। সম্প্রতি মুম্বই থেকে বিমানে কলকাতায় শিশুকে নিয়ে আসে তার পরিবার। শরীর খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল শিশুটিকে। সেখানেই নমুনা পরীক্ষার পর এইচএমপি ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর।

এই নিয়ে ভারতে মোট ৪ জন HMPV আক্রান্তের খোঁজ মিলল। বেঙ্গালুরুতে HMPV আক্রান্ত ৩ ও ৮ মাসের দুই শিশু। গুজরাটের আহমেদাবাদে আক্রান্ত হয়েছে ২ মাসের এক শিশু। সোমবারই ধরা পড়েছে একের পর এক কেস। সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে বেঙ্গালুরু ও আহমেদাবাদের ওই শিশুদের ইতিমধ্যেই আইসোলেশনে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
৪ শিশুর ক্ষেত্রেই সম্প্রতি বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস নেই। ডিসেম্বরেই মুম্বই থেকে কলকাতায় পরিবারের সঙ্গে এসেছিল শিশুটি। সর্দি-কাশি, গলায় কফ জমার মতো সমস্যায় অসুস্থ হয়ে পড়েছিল সে। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর বর্তমানে সে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলেও খবর। তবে এনিয়ে কোনও ভয়ের কারণ নেই বলেই জানাচ্ছেন ওই শিশুর চিকিৎসকও।
শিশুর চিকিৎসক সহেলী দাশগুপ্ত জানিয়েছেন, গত ৬ মাসে এই একটি শিশুই এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত ছিল। গত এক বা দেড় বছরের মধ্যে এরকম দু-একটি কেসই নজরে এসেছে বলে জানান তিনি। তবে ঠিকমতো চিকিৎসা হলে সুস্থ হওয়া সম্ভব বলেই জানান তিনি। এখনই উদ্বেগের কোনও জায়গা নেই। উপসর্গ অনুযায়ী চিকিৎসা করলেই প্রতিকার সম্ভব বলে জানাচ্ছেন চিকিৎসক।
কলকাতার ওই শিশুর ক্ষেত্রে করোনা, ইনফ্লুয়েঞ্জা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টেস্ট নেগেটিভ এলেও এইচএমপিভি পজিটিভ এসেছিল বলে জানান চিকিৎসক। প্রবল শ্বাসকষ্টে ভুগে পিআইসিইউ তে ভর্তি ছিল সে। ৭ দিন পর সুস্থ হয়ে বাড়ি ফেরে সে। তবে এই ভাইরাস নতুন নয়, আগেও ছিল বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্যমন্ত্রক। তাই আতঙ্ক না ছড়িয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে সব তরফেই।












Click it and Unblock the Notifications