Charu Market: ফাঁকা ফ্ল্যাটে অন্য যুবক! স্ক্রু ড্রাইভার দিয়ে খুঁচিয়ে খুন অবিনাশকে? বেডরুমে হাড়হিমকাণ্ড
Charu Market: দক্ষিণ কলকাতার চারু মার্কেট এলাকার দেশপ্রাণ শাসমল রোড। রাস্তার ধারেই অভিজাত আবাসন। আর সেখানেই এক যুবকের রহস্যমৃত্যু। ফ্ল্য়াটের পরিচারক ওই যুবককে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ। শনিবার ফ্ল্যাটের ভিতর থেকে যুবকের দেহ উদ্ধার করা হয়। রবিবার স্নিফার ডগ নিয়ে আবাসনে তল্লাশি চালাল পুলিশ।
ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন কুশল ছাবড়া নামে এক ব্যবসায়ী। ঘটনার সময় বাড়িতে ছিলেন না তিনি। তাঁর বাড়িতেই পরিচারকের কাজ করত বছর বাইশের অবিনাশ বারুই নামে ওই যুবক। জানা গিয়েছে, মৃত অবিনাশের বাড়ি আসানসোলের কুলটির লখিয়াবাদে। ওই আবাসনে দীর্ঘদিন ধরেই কাজ করত সে। সোমবার মালিকের পরিবারের সঙ্গেই বাড়ি ফেরার কথা ছিল অবিনাশের। বিকেল ৪টেয় ট্রেনও ধরার কথা ছিল। কিন্তু তার আগেই খুন।

-
ঠিক কী হয়েছিল?
শনিবার সন্ধেয় দেশপ্রাণ শাসমল রোডের ওই আবাসনের দরজার বাইরে রক্ত ভেসে আসতে দেখেন পাশের ফ্ল্যাটের এক পরিচারিকা। তা শুনে ছুটে আসেন ফ্ল্যাটের নিরাপত্তারক্ষীও। আবাসিকদের দাবি, ফ্ল্যাটের দরজা বাইরে ও ভিতর থেকে লকড ছিল। এরপর পুলিশে খবর দেওয়া হলে চারু মার্কেট থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। মালিকের বেডরুম থেকে পরিচারকের বিবস্ত্র ও রক্তাক্ত দেহ উদ্ধার হয়।
দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। কলকাতা পুলিশের জয়েন্ট সিপি রূপেশ কুমার বলেন, মৃতের শরীরে আঘাতের চিহ্ন দেখে খুন বলেই অনুমান করা হচ্ছে। এদিকে নিরাপত্তারক্ষীর বয়ান অনুযায়ী, শনিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ এক যুবককে অবিনাশের পিছন পিছন ফ্ল্যাটে ঢুকতে দেখেন তিনি। ফাঁকা ফ্ল্যাটে গতকাল দুপুরে অবিনাশের সঙ্গে দেখা করতে এসেছিলেন এক যুবক। বিকেলে ফ্ল্য়াটের বাইরে রক্ত গড়াতে দেখেন তিনি।
ডগ স্কোয়াড নিয়ে লালবাজারের গোয়ান্দারা তল্লাশি চালান এদিন। রবিবার ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। স্ক্রু ড্রাইভার জাতীয় কিছু দিয়ে খুঁচিয়ে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের। কোনও আক্রোশ থেকেই খুন করা হয়েছে। রাগ থেকেই বারবার আঘাত করে খুন করা হয়েছে বলে দাবি পুলিশের। যদিও খুনের মোটিভ স্পষ্ট নয়। তবে পুলিশ মনে করছে, পরিচিত কারও হাত ছিল।
এদিকে ফ্ল্যাটে একাধিক সিসি ক্যামেরা থাকলেও সব অকেজো। নেই রেকর্ডিং সিস্টেমও। শুধু লাইভ স্ট্রিমিং দেখা যায়। অনেক বছর ধরেই সিসিটিভি খারাপ হয়ে আছে বলে জানান নিরাপত্তারক্ষী। যার জেরে তদন্তে নেমে সমস্যার সম্মুখীন পুলিশ। সংশ্লিষ্ট ব্যক্তিদের এব্যাপারে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার কিনারা করবে পুলিশ। তবে খাস কলকাতায় এরকম হাড়হিম নৃশংস খুনে শিউড়ে উঠছেন সকলে।












Click it and Unblock the Notifications