লাগানো হচ্ছে পোস্টার, আগামী ১০ টা দিন খুব গুরুত্বপূর্ণ! ইদ আর রামনবমীর আগে বড় বার্তা মমতার পুলিশের
Kolkata-West Bengal Police: সামনেই ইদ (Eid 2025)। এরপরেই রামনবমী (Ram Navami) ! আর তা ঘিরে ক্রমশ চড়ছে পারদ। আর এর মধ্যেই বড় আশঙ্কা বাংলার পুলিশের। বিভিন্ন এলাকায় পোস্টার লাগিয়ে হিংসা ছড়ানোর ষড়যন্ত্র চলছে। এমনকী রামনবমীতে সাম্প্রদায়িক অশান্তির ছক তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করলেন আইজি (এডিজি), আইনশৃঙ্খলা জাভেদ শামিম এবং দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার। একই সঙ্গে মানুষকে কোনও প্ররোচনা পা না দেওয়ার বার্তা দিলেন কলকাতা পুলিশ কমিশনারও।
তিনি জানিয়েছেন, গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ছড়ানো কোনও কিছুতে বিশ্বাস না করারও বার্তা দেওয়া হয়েছে। ইদ এবং রামনবমীর আগে উত্তপ্ত হচ্ছে বাংলা। এবার রামনবমী বিশাল বড় করে পালনের হুঁশিয়ারি দিয়েছে বঙ্গ বিজেপি। এমনকী এক কোটি মানুষ পথে নামবে বলেও বার্তা দেওয়া হয়েছে।

এই প্রেক্ষাপটে আজ শনিবার সাংবাদিকদের মুখোমুখি হন আইজি (এডিজি), আইনশৃঙ্খলা জাভেদ শামিম এবং দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার। আর সেখানেই একের পর এক বিস্ফোরক দাবি। তাঁরা বলেন, 'ইদ এবং রাম নবমীর আগে কোনও পরিকল্পনা করা হচ্ছে যাতে সম্প্রীতির পরিবেশ নষ্ট হয়'। বিভিন্ন পোস্টার লাগানো হচ্ছে। এই বিষয়ে পুলিশ সতর্ক। এমনকি একাধিক ধারায় কেসও রুজু করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। আর সেই ধারাগুলি হল বিএনএসের ১৯৬(১), ২৯৯, ৩৫৩, ৩৫৩(২), ৬১(২)। তবে কার বিরুদ্ধে এই মামলা এই বিষয়ে স্পষ্ট ভাবে কিছু বলা হয়নি। তবে গোটা ঘটনার উপর কড়া নজর রাখা হচ্ছে।
শীর্ষ পুলিশ আধিকারিকদের কথায়, আগামী ১০ টা দিন খুবই গুরুত্বপূর্ণ। সব জেলায় সতর্কতামূলক বার্তা পাঠানো হয়েছে। পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে বলেও এদিন জানিয়েছেন দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার। অন্যদিকে কলকাতা পুলিশের তরফেও সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে কলকাতা পুলিশ কমিশনার জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্টে পা দেবেন না। কলকাতা পুলিশ সমস্ত দিকে নজর রাখছে। ফলে মানুষকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। বলে রাখা প্রয়োজন, সম্প্রতি মোথাবাড়ির ঘটনায় উত্তাল বাংলা। এই ইস্যুতে ক্রমশ সুর চড়াচ্ছে বঙ্গ বিজেপি। এর মধ্যেই একের পর এক উতসব। আর তা শান্তিপূর্ণ ভাবে করাটাই মুল পুলিশের লক্ষ্য বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications