কলকাতার বাসিন্দা হলেন পশুরাজ, বাঘ- ভালুক সহ নতুন কারা এল আলিপুর চিড়িয়াখানায়?
বৃষ্টি কাটতেই শরতের আকাশ। সামনেই পুজো। তারপরেই শীতকাল৷ কলকাতার আনাচে কানাচে ঘুরতে বেরিয়ে পড়া। কলকাতা শহরে নতুন কয়েক জন বাসিন্দা এসে হাজির৷ তারা এখন থেকে এই কলকাতারই বাসিন্দা হবে৷ আর গোটা শীতকাল তাদের দেখার জন্য এক দঙ্গল মানুষ ভিড় করবে৷ এই কথা বলার অপেক্ষা রাখে না।
কিন্তু বিষয়টা কী? কারা এল? কারা থাকবে এই জব চার্নকের পুরনো শহরে? রাজনৈতিক হইহল্লার শহর কলকাতায় নতুন কেউ বাসিন্দা হয়েও আসছে? কাদের দেখতে শীতকালে মুখিয়ে থাকবে এক শ্রেণির বাঙালি? তাহলে বিষয়টা এবার ঝেড়ে কাশা যাক। আলিপুর চিড়িয়াখানায় এবার নতুন সদস্যদের আগমন। ইতিমধ্যে তারা শহরে এসেও গিয়েছে৷

বাঘ - ভালুক দুজনেই হাজির একসঙ্গে। কেবল তারাই নয়, আরও অনেকে আছে তালিকায়৷ কলকাতার বাসিন্দা হলেন স্বয়ং পশুরাজ। মোট নয় সদস্য আলিপুর চিড়িয়াখানায় এসেছে। তাদের নিয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষের ব্যস্ততা এখন তুঙ্গে।
কলকাতার আলিপুর চিড়িয়াখানায় এসেছে দুই সিংহ ৷ আনা হয়েছে একটি বাঘিনী ও দুটি ভালুক। এই ভালুক আবার যে সে নয়। একেবারে হিমালয়ান রেঞ্জের কালো ভালুক৷ এছাড়াও দুই জোড়া ইঁদুর হরিণ আনা হয়েছে কলকাতায়। ওড়িশার নন্দনকানন চিড়িয়াখানা থেকে এই নয় সদস্য এসে হাজির হয়েছে কলকাতায়। গতকাল বুধবার এই নয় সদস্য কলকাতার আলিপুর চিড়িয়াখানায় এসেছে।
চিকিৎসকরা তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তারা সকলেই ভালো, সুস্থ আছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, এই নয় সদস্যের বয়সে একদমই নবীন। তাই কলকাতার জল - হাওয়ার সঙ্গে মানিয়ে নিতে কোনও সমস্যা হবে না।
প্রত্যেককে নির্দিষ্ট শেল্টারে রাখা হয়েছে৷ তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে। আপাতত তারা সাত থেকে ১০ দিন এই শেল্টারেই থাকবে বলে খবর। তারা সব দিক দিয়ে তরতাজা আছে। সেই ইঙ্গিত পাওয়ার পরেই জনসমক্ষে তাদের আনা হবে। এই কথা আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে।
নতুন সদস্য আসার পরে আলিপুর চিড়িয়াখানায় বাঘের সংখ্যা বেড়ে হল নটি৷ সিংহের সংখ্যা বেড়ে হল ছয়টি৷ দুটি পুরুষ হিমালয়ান কালো ভালুক আগেই ছিল। এবার একই প্রজাতির দুটি স্ত্রী ভালুক আনা হল৷












Click it and Unblock the Notifications