RG Kar: বিশ্বকর্মা পুজোতেও জারি থাকবে প্রতিবাদ, বিচারে দাবি লেখা ঘুড়ির চাহিদা তুঙ্গে কলকাতায়
বাঙালির প্রধান উৎসব দুর্গা পুজো শুরু হতে বাকি মাত্র কয়েকদিন। তার আগে মঙ্গলবার বিশ্বকর্মা পুজো। একটা সময় এই পুজোর দিনে মানুষের মধ্যে দেখা যেত ঘুড়ি ওড়ানোর হিড়িক। বিশ্বকর্মা পুজোয় আকাশ থাকত ঘুড়িতে ভরা৷ কিন্তু বিগত কয়েক বছরে ঘুড়ির প্রতি টান অনেকটাই যেন ফিকে হয়েছে বাঙালির। তবে এবারের বিশ্বকর্মা পুজোয় বঙ্গের আকাশে উড়বে প্রতিবাদের ঘুড়ি।
আরজি কর হাসতাপাতালের জুনিয়র চিকিৎসককে নির্মমভাবে ধর্ষণ ও খুন করা হয়৷ এই ঘটনায় শুধু রাজ্য নয়, উত্তাল গোটা দেশ৷ দিকে দিকে রব উঠেছে 'উই ওয়ান্ট জাস্টিস'৷ এবার বিশ্বকর্মা পুজোর দিনে ঘুড়িও হয়ে উঠতে চলেছে প্রতিবাদের এক মাধ্যম। রাত দখল থেকে মানব বন্ধন, বিগত এক মাসের বেশি সময়ে গণ আন্দোলনে উত্তাল বাংলা। বরুণ দেব সদয় হলেও বিশ্বকর্মা পুজোর দিনেও আরজি কর নিয়ে প্রতিবাদে সামিল হতে চলেছেন সাধারণ মানুষ।

বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি উড়িয়ে বিচারের দাবিতে সরব হওয়ার ডাক দেওয়া হয়েছে সমাজমাধ্যমে। আরজি কর নিয়ে যখন প্রতিবাদে উত্তাল গোটা শহর তখন ব্যতিক্রম নয় উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়্যারের 'ইন্ডিয়া কাইটস' দোকানও। আরজি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে ঘুড়ি তৈরি করা হয়েছে।
কালো কাগজের ঘুড়ির উপর সাদা রঙে লেখা হয়েছে 'লক্ষ কণ্ঠে একই স্বর, বিচার চায় আরজি কর', কোনও ঘুড়িতে লেখা থাকে, 'উৎসব হোক আন্দোলনের'। 'উৎসব হোক ন্যায়বিচারের' এই স্লোগানও লেখা আছে।
'ইন্ডিয়া কাইটস'-এর কর্ণধার অজিত দত্ত। আপাতত দেখভাল করেন তাঁর ছেলে সৈকত দত্ত। ওয়ান ইন্ডিয়াকে সৈকত দত্ত ফোনে জানিয়েছেন, 'আমরাও আরজি কর নিয়ে নিয়ে প্রতিবাদে সামিল হয়েছি, এর আগে কখনও বিশ্বকাপ, কখনও ভোট নিয়ে ঘুড়ি বানিয়েছি। এবার আর জি কর কাণ্ডের প্রতিবাদ সর্বত্র। আমরাও বিচার চাই। ঘুড়ির মাধ্যমে সেই কথাই তুলে ধরতে চেয়েছি।"
একইসঙ্গে তিনি বলেন, 'প্রথমে অল্প কিছু ঘুড়ি বানিয়েছিলাম, এরপর একে একে চাহিদা বাড়তে থাকে। আরজি কর নিয়ে ঘুড়ির চাহিদা দেখেই আরও ঘুড়ি বানানোর সিদ্ধান্ত নিই। আপাতত আর নতুন করে বানাবো না।'












Click it and Unblock the Notifications