Kasba: কসবা ল' কলেজের ঘটনায় চাঞ্চল্যকর মোড়, বিয়ের প্রস্তাব ফেরানোয় ঘটল নির্মম পরিণতি
কসবা (Kasba) গণধর্ষণ কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। ঘটনায় মূল তৃণমূল ছাত্র পরিষদ নেতা মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে সামনে এল ভয়ানক অভিযোগ। নির্যাতিতা ছাত্রীর অভিযোগ, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে নির্মমভাবে গণধর্ষণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা ছাত্রীটি কসবার একটি আইন কলেজের পড়ুয়া। অভিযুক্ত তৃণমূল ছাত্র নেতাও ওই কলেজের একজন অস্থায়ী কর্মী। নির্যাতিতার দায়ের করা অভিযোগ অনুযায়ী, বুধবার সন্ধ্যায় কলেজের ইউনিয়ন রুমে তাঁকে ডেকে পাঠানো হয়। তাঁকে কলেজের সাধারণ সম্পাদক পদের লোভ দেখানো হয়।

নির্যাতিতার অভিযোগ, ইউনিয়ন রুমে ওই ছাত্রনেতা এবং তার দুই সঙ্গী উপস্থিত ছিল। সেখানে তাঁকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। অভিযোগ, এরপরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই তৃণমূল ছাত্র নেতা। নির্যাতিতা ছাত্রীটি পালানোর চেষ্টা করলে কলেজের মূল দরজা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
নির্যাতিতার অভিযোগ, এরপর তাঁকে টেনে-হিঁচড়ে মূল দরজার পাশে থাকা নিরাপত্তা রক্ষীর ঘরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ওই তৃণমূল নেতা তাঁকে ধর্ষণ করেছে। এই পাশবিক অত্যাচারের সময় কলেজের নিরাপত্তা রক্ষী অসহায়ভাবে ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন বলেও অভিযোগ। কসবা থানার পুলিশ ইতিমধ্যেই ওই নিরাপত্তা রক্ষীর বয়ান রেকর্ড করেছে।
শুধু তাই নয়, নির্যাতিতাকে ভয় দেখিয়ে হুমকিও দেওয়া হয়। অভিযোগ, এই ঘটনা কাউকে জানালে তাঁর বাবা-মাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বলে হুমকি দেয় অভিযুক্তরা। এদিন তিন অভিযুক্তকে আলিপুর আদালতে তোলা হলে তিনজনকেই চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications