মহাষষ্ঠীর শুভদিনেই কালীঘাটে গর্ভগৃহে দর্শন, সাধারণের জন্য দরজা খুলছে মন্দির কর্তৃপক্ষ
মহাষষ্ঠীর শুভদিনেই কালীঘাটে গর্ভগৃহে দর্শন, সাধারণের জন্য দরজা খুলছে মন্দির কর্তৃপক্ষ
মহাষষ্ঠী থেকেই কালীঘাটের দরজা খুলে যাচ্ছে সাধারণের জন্য। করোনা বিধি মেনেই তবেই মিলবে গর্ভগৃহে প্রবেশের অনুমতি। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে একটি সময় নির্দিষ্ট সংখ্যক দর্শনার্থীকেই প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

খুলছে কালীঘাটের মন্দির
করোনার কারণে এতদিন মন্দিরের গর্ভগৃহে প্রবেশের অনুমতি ছিল না দর্শনার্থীদের। এবার সেই অনুমতি দেওয়া হয়েছে। দুর্গাপুজো উপলক্ষ্যে দর্শনার্থীদের মন্দিরের গর্ভগৃহে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। মহাষষ্ঠীর দিন থেকেই কালীঘাটের গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা।

করোনা বিধি মেনে প্রবেশ
মহাষষ্ঠীর দিন থেকে সকাল ৬টায় খুলবে মন্দিরের গর্ভগৃহ। দুপুর ১টা পর্যন্ত দর্শনার্থীরা যেতে পারবেন আবার বিকেল ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে মন্দির। সামাজিক দূরত্ব বিধি মেনে তবেই প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা। নিজেদের মধ্যে ৬ ফুটের দূরত্ব রাখতে হবে। তারসঙ্গে পর্যাপ্ত স্যানিটাইজেশন করা হবে মন্দিরের।

মন্দির খুলেছে আগেই
করোনা কারণে দীর্ঘদিন মন্দিরের দরজা বন্ধ থাকলেও জুলাই মাসের পর অগাস্ট থেেক খুলে দেওয়া হয়েছিল কালীঘাটে মন্দিরের দরজা। তবে মন্দিরের গর্ভগৃহে প্রবেশের অনুমতি ছিল না দর্শনার্থীদের। নাটমন্দিরের প্রতিমা দর্শন করেই তাঁদের ফিরে যেকে হত। আনলক ৫-এর বিধি মেনেই শেষে গর্ভগৃহে দর্শনার্থীদের প্রবেশে ছাড় দেওয়া হয়েছে।

সময় বেঁধে দর্শন
কালীঘাটের গর্ভগৃহে প্রবেশের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যেই দর্শনার্থীদের আসতে হবে। ইতিমধ্যেই মন্দিরে বসানো হয়েছে স্যানিটাইজেশন টানেল। তার মধ্য দিয়েই যেতে হবে সব দর্শনার্থীদের। মহাষষ্ঠী থেকে মহাদশমী পর্যন্ত এই প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications