কলকাতা হাইকোর্টের নয়া প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য, ভারপ্রাপ্তই পূর্ণদায়িত্বে
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য। মঙ্গলবার তিনি শপথ গ্রহণ করেন প্রধান বিচারপতি হিসেবে।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য। মঙ্গলবার তিনি শপথ গ্রহণ করেন প্রধান বিচারপতি হিসেবে। এতদিন তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে কলকাতা হাইকোর্টের দায়িত্ব পালন করছিলেন তিনি।

এদিন তাঁকে শপথ-বাক্য পাঠ করান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। উপস্থিত ছিলেন কলকাতা ছাড়াও ওড়িশা, মাদ্রাজ ও দিল্লি হাইকোর্টের বিচারপতিরাও।
২০১৭ সালের ২৫ অক্টোবর জ্যোতির্ময় ভট্টাচার্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে কলকাতা হাইকোর্টের দায়িত্বভার গ্রহণ করেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাকেশ তিওয়ারির স্থলাভিষিক্ত হন বিচারপতি জ্যোতির্ময় ভট্টচার্য। তিনিই এখন স্থায়ী প্রধান বিচাপতির দায়িত্ব নিলেন। সুপ্রিম কোর্টের কলেজিয়াম তাঁর নামই প্রস্তাব করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে।

কলকাতা হাইকোর্টে ৭০ দিন টানা কর্মবিরতি চলেছে। স্থায়ী প্রধান বিচারপতি-সহ নতুন বিচারপতি নিয়োগের দাবিতে এই কর্মবিরতি চলে। কলেজিয়ামের প্রস্তাব মতো রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সিলমোহর দেন। তারপর কেন্দ্রীয় আইনমন্ত্রক বিচারপতি নিয়োগের সিদ্ধান্ত নিলে কর্মবিরতি উঠে যায়। সোমবার থেকে স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছিল হাইকোর্টে। এবার প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠান হল।
বর্তমান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ১৯৫৬ সালের ২৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা তিনি। বারুইপুর উচ্চবিদ্যালয়ের পড়া শেষ করে তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এলএলবি পাশ করেন।
১৯৮৩ সাল থেকে কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবে প্র্যাকটিস শুরু করেন তিনি। তারপর ২০০৩ সালে তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। আর তার ১৫ বছর পর তিনি এই কলকাতা হাইকোর্টেই প্রধান বিচারপতির পূর্ণ দায়িত্ব পেলেন।












Click it and Unblock the Notifications