Jyotipriya Mallick: হাইকোর্টেও আর্জি টিকলো না, কমান্ডেই আপাতত জ্যোতিপ্রিয়ের স্বাস্থ্য পরীক্ষা হবে
মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য পরীক্ষা আলিপুরের কমান্ড হাসপাতালেই হবে। কলকাতা হাইকোর্টও কোনও অন্তর্বর্তীকালীন নির্দেশ দিল না। নিম্ন আদালতেই এই আর্জির শুনানি হবে। এই কথাই জানিয়ে দিল আদালত।
আলিপুরের কমান্ড হাসপাতাল কিছুতেই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য পরীক্ষা করতে চাইছে না। বিশেষ আদালতের নির্দেশে ইডির তরফ থেকে এই হাসপাতালেই নিয়ে যাওয়া হচ্ছে রেশন বণ্টন দুর্নীতিতে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিককে। কিন্তু সেখানেই হাসপাতাল কর্তৃপক্ষ বাধ সেধেছেন।

মন্ত্রীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অন্য কোনও হাসপাতালে করা হোক। ব্যাঙ্কশাল আদালতে এই আবেদন করেছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। দুইবার নিম্ন আদালতে এই আর্জি করা হয়েছিল। বলা হয়েছিল, আদালত তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক। এই আর্জিকে ভালোভাবে নেননি বিচারক।
আলিপুরের কমান্ড হাসপাতাল সেনাবাহিনীর। সেখানে সেনাবাহিনীর সদস্য ও তাঁদের পরিবার- পরিজনদের চিকিৎসা চলে। হাসপাতাল কর্তৃপক্ষর দাবি, এখন রোগীর যথেষ্ট চাপ রয়েছে। মন্ত্রীকে নিয়ে এলে সেই চাপ আরও বেড়ে যায়। হাসপাতাল পরিসেবা সঠিকভাবে দিতে চায়। সেজন্যই মন্ত্রীর অন্য হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা হোক। এই আবেদন জানানো হয়েছে।
কিন্তু বিচারক সেই কথা শুনতে চাননি। রোগীর সেবা করাই চিকিৎসক ও হাসপাতালের ধর্ম। মন্ত্রীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ওই হাসপাতালেই হবে। এই কথা জানিয়ে দেন বিচারক। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। বৃহস্পতিবার ওই আর্জির শুনানি হয়।
কিন্তু এখানেও তেমন কোনও সুবিধা হল না হাসপাতাল কর্তৃপক্ষর। কমান্ড হাসপাতালের আর্জিতে আপাতত কোনও অন্তর্বর্তী নির্দেশ নয় হাইকোর্টের। নিম্ন আদালত যাতে নতুন নির্দেশ না দেয় তার আর্জি জানিয়েছিল হাসপাতাল। বিচারপতি মধুরেশ প্রসাদ অবকাশকালীন বেঞ্চে পরবর্তী শুনানির দিন মামলা পাঠিয়ে দেন। ফলে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে কমান্ড হাসপাতাল নিয়ে যেতে আপাতত কোনও বাধা নেই।
কমান্ড হাসপাতালের আইনজীবী অজয় চৌবের বক্তব্য, সেনাবাহিনী ছাড়া আর কেউ সেখানে চিকিৎসা করাতে পারবেন না। বাইরের কাউকে পাঠানোয় তাদের সমস্যা হচ্ছে। ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী জানান, কেন্দ্রের দুই দফতর একে অপরের বিরুদ্ধে আদালতে আসতে পারেন না। তার জন্য নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে।
বিচারপতি আজ বৃহস্পতিবার কোনও নির্দেশ দেননি। অবকাশকালীন বেঞ্চে ৮ নভেম্বর এই মামলার শুনানি হবে।












Click it and Unblock the Notifications