সাহেব সাদা কাগজে সই করতে বলেছিলেন! চাঞ্চল্যকর বক্তব্য জ্যোতিপ্রিয় মল্লিকের পরিচারকের
সাদা কাগজে সই করতে বলেছিলেন। যারা এসেছিলেন সাহেবের কথা বলেছিলেন। সাহেবের থেকেই কেষ্টপুরের ফ্ল্যাট নেওয়া। রীতিমতো চাঞ্চল্যকর বক্তব্য উঠে এল রামস্বরূপ শর্মার থেকে। কে এই ব্যক্তি? এই রামস্বরূপ হলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির পরিচারক। এদিন তিনি সিজিও কমপ্লেক্সে এসেছিলেন।
রামস্বরূপের মুখে বার বার সাহেব শব্দটি শোনা যাচ্ছিল। কিন্তু এই সাহেব কে? সাংবাদিকদের প্রশ্নে তিনি নিজেই খোলসা করে দেন বিষয়টি৷ সাহেব বলতে এখানে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কথা বলা হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিককেই তিনি সাহেব বলে ডাকেন তিনি।

জ্যোতিপ্রিয় মল্লিক রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন। নামে - বেনামে প্রচুর টাকার সম্পত্তি করেছেন মন্ত্রী। এমন অভিযোগ উঠে আসছে। কোটি কোটি টাকা রেশন দুর্নীতিতে পাওয়া গিয়েছে। সেই টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগ হয়েছে। শুধু তাই নয়, সংস্থা বানিয়ে সেখানেও সেই টাকা বিনিয়োগের অভিযোগ উঠেছে।
রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারের পরে রামস্বরূপ শর্মার নামও উঠেছিল। এই ব্যক্তি মন্ত্রীর বাড়ির পরিচারক। তার নামেও মন্ত্রী সম্পত্তি করেছিলেন। কেষ্টপুরে ফ্ল্যাট কেনার কথাও জানা গিয়েছে। কিন্তু সেই বিষয়ে পরিষ্কার তথ্য এখনও সামনে আসেনি।
এদিন ইডির দফতরে এসেছিলেন মন্ত্রীর বাড়ির পরিচারক রামস্বরূপ শর্মা। সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেছিলেন, সাহেবকে খাবার দিতে এসেছেন৷ এছাড়া আর কিছুই বলেননি তিনি। বেশ কিছু সময় পরে তিনি সিজিও কমপ্লেক্সে ইডির অফিস থেকে বাইরে আসেন।
এবার সাংবাদিকরা ছেঁকে ধরলে মুখ খোলেন তিনি। আর যা বললেন, তা যথেষ্ট নাড়িয়ে দেওয়ার মতো। ওই ব্যক্তি বলেন, "আমি কম্পানির ব্যাপারে কিছু বলতে পারব না।আমার কিছু জানা নেই। তবে আমার কেষ্টপুরে একটি ফ্ল্যাট আছে। আমি লোন হিসাবে নিয়েছি। পাঁচ লাখ টাকা শোধও দিয়েছি। সাহেবের কাছ থেকে নিয়েছি।"
তিনি কবে নিয়েছিলেন এই ফ্ল্যাট? জবাবে তিনি বলেন, "লকডাউনের আগে নিয়েছিলাম। বাকি টাকা মাসে মাসে দিচ্ছি। সব থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি সাদা কাগজে সই করেছিলেন। কয়েক জন রাস্তাতে তাকে সাদা কাগজে সই করিয়েছিলেন।"
তিনি বলেন, "আমার কাছ থেকে সাদা কাগজে সই করিয়েছিল। আমি করেছিলাম। যারা এসেছিল তাদের চিনি না। সাহেবের নাম করে বলেছিল। অনেক বছর আগে এসেছিল। সইটা উল্টোডাঙা দিকে রাস্তায় সই করিয়েছিল। বলেছিল সাহেব পাঠিয়েছে। এটা তোমায় করে দিতে হবে।"
সাহেব বলতে জ্যোতিপ্রিয় মল্লিকের কথা বুঝিয়েছেন তিনি। রামস্বরূপ বলেন, "ইডি ডেকেছিল। আমি কথা বলেছি। সত্যি কথা যেটা ছিল সেটাই বলেছি।যা যা জিজ্ঞাসা করেছে আমি বলেছি। ডকুমেন্টস জমা দিয়েছি।"












Click it and Unblock the Notifications