কেন বকেয়া পাচ্ছেন না কর্মীরা, দ্রুত ডিএ মেটাতে হবে, রাজ্যকে কড়া নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার
বকেয়া ডিএ নিয়ে হাইকোর্টে কড়া প্রশ্নের মুখে রাজ্য সরকার।
ডিএ মামলা নিয়ে কড়া অবস্থান কলকাতা হাইকোর্টের। কেন আদালতের নির্দেশ সত্ত্বেও মেটানো হয়নি। রাজ্য সরকারকে অবিলম্বে সরকারি কর্মীদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। এদিকে অবস্থান বিক্ষোভে বসেছে সরকারি কর্মীদের সংগঠন। বকেয়া ডিএ না মেটানো হলে সরকারি দফতর এক সময় অচল হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

ডিএ মেটাতে এত দেরি কেন
আদালতের নির্দেশের পরেও কেন মেটানো হচ্ছে না বকেয়া ডিএ। শুক্রবার কলকাতা হাইকোর্টে ডিএ নিয়ে কড়া অবস্থান দেখালেন বিচারপতি রাজশেখর মান্থা।বকেয়া ডিএ কেন মেটানো হচ্ছে না তা নিয়ে রীতিমত উষ্মা প্রকাশ করেছেন বিচারপতি রাজশেখর মান্থা। ডিএ দ্রুত মেটানোর নির্দেশ আগেই দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু তারপরেও সরকার একাধিক অবসর প্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটায়নি।

কী বলেছেন বিচারপতি মান্থা
শিক্ষকদের বকেয়া ডিএ কেন দেওয়া হচ্ছে না তা নিয়ে রাজ্য সরকারের আইনজীবীকে প্রশ্ন করেন বিচারপতি রাজশেখর মান্থা। আদালতের নির্দেশ না মানা আদালত অবমাননার সামিল বলে মন্তব্য করেেছন তিনি। আদালতের নির্দেশ সত্ত্বেও একাধিক অবসর প্রাপ্ত শিক্ষক তাঁদের বকেয়া ডিএ পাচ্ছেন না। তারপরেই রাজ্য সরকারকে একপ্রকার ভর্ৎসনা করেই বিচারপতি বলেছেন, 'বছরের পর বছর তাদের কাছ থেকে সার্ভিস নিয়েছেন। আর বকেয়া আর্থিক পাওনা দেওয়ার সময় তাদের হ্যারাস করছেন কেন? কাল যখন আপনার সঙ্গে হবে তখন আপনি কী করবেন?'

ডিএ নিয়ে অবস্থান বিক্ষোভ
এদিকে বকেয়া ডিএ মেটানোর দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করেছে সরকারি কর্মীদের সংগঠন। তাঁরা দাবি করেছেন এবার সরকার যদি বকেয়া ডিএ না মেটান তাহলে তাঁরা সরকারি অফিসে কাজ বন্ধ করে দেবে। ৬ ফেব্রুয়ারি রাজ্য জুড়ে এরকমই একটি কর্মবিরতির কর্মসূচি নিতে চলেছেন তাঁরা। প্রথমে ১ দিনের হিসেবে কর্মবিরতি পালন করবেন তাঁরা। রাজ্য সরকার তাঁদের ডিএ না মেটালে লাগাতার কর্মবিরতি চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কর্মচারী সংগঠনের পক্ষ থেকে।

টাকা নেই
এর আগে বকেয়া ডিএ মামলায় রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল টাকা নেই বলে তাঁরা ডিএ মেটাতে পারছে না। এই নিয়ে তুমুল শোরগোল পড়েছিল রাজ্যে। রাজ্য সরকারের বিরুদ্ধে এই নিয়ে সরব হয়েছে কর্মচারীদের সংগঠন। এই নিয়ে জোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে তাঁরা। ইতিমধ্যেই আন্দোলন শুরুও করে দিয়েছেন তাঁরা। এদিকে আবার বিজেপিও ডিএ ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে।












Click it and Unblock the Notifications