আবাসনের অনুমতি প্রসঙ্গে গুরুত্বপূর্ণ ভাবনা বিচারপতি অমৃতা সিনহার
বেআইনি নির্মাণ নিয়ে ফের সরব কলকাতা হাইকোর্ট। আবাসন নিয়ে এবার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণের ভাবনা কলকাতা হাইকোর্টের। গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় কাঠগড়ায় শাসক দল তৃণমূল কংগ্রেস।
এবার গুরুত্বপূর্ণ ভাবনার কথা বললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আবাসনের অনুমোদন সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহণের ভাবনা তাঁর। এই বিষয়ে কী বলেছেন বিচারপতি?

কোন আবাসনের উপযুক্ত অনুমতি আছে? আর কোন আবাসনের নেই? কেনার আগেই এই বিষয়ে জানতে পারবেন ক্রেতারা। বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি মামলার শুনানি চলছিল এজলাসে। সেই সময় এই মর্মে নির্দেশিকা জারির ভাবনার কথা জানান বিচারপতি অমৃতা সিনহা।
আদালতের প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি জানিয়েছেন, আবাসন সংক্রান্ত বিস্তারিত তথ্য থাকতে হবে কলকাতা - হাওড়া পুরসভার ওয়েবসাইটে। দ্রুত এই মর্মে উপযুক্ত নির্দেশ দেওয়া হবে। আদালতের মতে, এই নির্দেশ জারি হলে উপকৃত হবেন অগুণতি ক্রেতা।
প্রসঙ্গত, মামলার শুনানি চলাকালীন বিচারপতি জানতে চান, "হাওড়ায় কোন বহুতলের অনুমোদন পুরসভা দিয়েছে, সেটা হাওড়া পুরসভার ওয়েবসাইটে দেখা যায়?"
এরপরই ভরা এজলাসে এই ভাবনার কথা জানান বিচারপতি। তাঁর মতে, যদি অনুমোদন আছে কী নেই, তা দেখা যায়, তাহলে সুবিধা হয়। তাহলে যারা ফ্ল্যাট কিনবেন, তারা নিশ্চিত হতে পারবেন, যে আবাসনটি বৈধ না কী অবৈধ।
গার্ডেনরিচে একটি নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ে। এখনও অবধি ১০ জনের মৃত্যু হয়েছে। এখনও একজন ধ্বংসস্তূপের নীচে আটকে আছেন। এমন কথাই জানা গিয়েছে। এই অবস্থায় ফের প্রোমোটিং রাজ, বেআইনি নির্মাণ নিয়ে প্রশ্ন উঠেছে। নিম্নমানের সামগ্রী দিয়ে বহুতল তৈরির প্রসঙ্গও সামনে আসছে।
পুকুর বুজিয়ে বহুতল হয়েছে। কোনও সরকারি নিয়ম নীতি মানা হয় না অনেকক্ষেত্রে। এইসব গুচ্ছের অভিযোগ আসতে শুরু করেছে। আর সেই ভিত্তিতেই এবার এই ভাবনা পোষণ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি।












Click it and Unblock the Notifications