Justice Amrita Sinha: ১০০%-র বেশি ভোটে পঞ্চায়েতে জয়ী ৩ তৃণমূল প্রার্থী! বিডিও-র রিপোর্ট তলব হাইকোর্টের
Justice Amrita Sinha: বুথে থাকা ভোটারদের থেকে বেশি ভোট পেয়ে জয়ী তিন তিনজন তৃণমূল প্রার্থী। ঘটনাটি হাবড়ার মালিকবেড়িয়ার। যা নিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। বিচারপতি অমৃতা সিনহা এদিন বিষয়টি নিয়ে হাবড়ার মালিকবেড়িয়ার বিডিও-র জবাব তলব করেছেন। ৪ অগাস্টের মধ্যে সেই জবাব দিতে হবে। এই মামলা পরবর্তী শুনানি ১০ অগাস্ট।
তালিকায় থাকা ভোটারের থেকে বেশি ভোট হাবড়ার মালিকবেড়িয়ার তিন বুথে, বিষ্মিত বিচারপতি অমৃতা সিনহা। হাবড়া ২ ব্লকের দিঘরা মালিকবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের তিনটি বুথের ঘটনা নিয়ে মামলা দায়ের হাইকোর্টে।

বিচারপতি সিনহা (Justice Amrita Sinha) হাবড়া -২ ব্লকের বিডিওর রিপোর্ট তলব করেছেন ৪ অগাস্টের মধ্যে। অভিযোগ, ওই গ্রাম পঞ্চায়েতের ৬৮ নম্বর বুথে মোট ভোটারের সংখ্যা ১৪৮১। কিন্ত ভোট পড়েছে ২১৭৭। ৭১ নম্বর বুথে মোট ভোটারের সংখ্যা ১৫২৯. কিন্ত ভোট পড়েছে ১৭৪০। ৮৩ নম্বর বুথে মোট ভোটারের সংখ্যা ১৪৮৮. কিন্ত ভোট পড়েছে ২৪৯৬।
ভোটদানের হার কোথাও ১৪৬ শতাংশ আবার কোথাও ১৬৭ শতাংশ। সেটা কীভাবে সম্ভব? কোথা থেকে এইসব ভুতুড়ে ভোটাররা। তাহলে কি জাল ব্যাটল পেপার ছাপার যে অভিযোগ উঠেছিল, তা কি সত্যি, সেই প্রশ্নও ওঠে শুনানির সময়।
মঙ্গলবার এই ধরনের আরও একটি মামলায় রিপোর্ট তলব করেছিলেন বিচারপতি সিনহা (Justice Amrita Sinha)। যে বুথে ভোট বয়কট করা হয়েছিল, ফল প্রকাশের পরে দেখা যায় সেই বুথে ভোট পড়েছে ৯৫ শতাংশ। ঘটনাটি নিউটউন জ্যাংড়া হাতিয়াড়া ২ পঞ্চায়েতের। অবশ্যই বুথে জয়ী প্রার্থী তৃণমূলের।

বাসিন্দারা যাঁরা ভোট দিতে বেরিয়েছিলেন, তাঁদেরও ভোট দিতে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ। মাঝপথ থেকেই বহিরাগতরা তাঁদেরকে ফিরিয়ে দেয় বলে অভিযোগ। এই বুথে পরিকল্পতিভাবে ছাপ্পা চলেছে বলে অভিযোগ করেছেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য।
সওয়ালের পরে বিচারপতি সিনহা (Justice Amrita Sinha) বিষ্ময় প্রকাশ করেন। তিনি বলেন, মানুষ ভোটই দিতে গেল না। এলাকার অধিকাংশ বাসিন্দা বলছেন ভোট দিতে যাননি। সেখানে কীভাবে ৯৫ শতাংশ ভোট পড়ল। বিষয়টি নিয়ে তিনি রাজারহাটের বিডিও ছাড়াও ডিজির রিপোর্টও তলব করেন। এই মামলার পরবর্তী শুনানি ৩ অগাস্ট।












Click it and Unblock the Notifications