জুনিয়র ডাক্তাররা আন্দোলন তুলে পরিষেবা স্বাভাবিক করুক, আবেদন রাজ্যের স্বাস্থ্যসচিবের
রাজ্যজুড়ে সরকারি হাসপাতালে আন্দোলন চলছে। একের পর এক হাসপাতাল, মেডিক্যাল কলেজে বিক্ষোভ চলছে৷ এই অবস্থায় রাজ্যের সরকারি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে। এবার এই বিষয়ে সাংবাদিক বৈঠক করলেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম।
মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের স্বাস্থ্যসচিব। আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে বক্তব্য রাখেন তিনি৷ নারকীয় ঘটনায় উপযুক্ত তদন্ত ও দোষীদের যথাযথ শাস্তির দাবি জানিয়েছেন তিনি। তবে কাজ বন্ধের কর্মসূচি থেকে আন্দোলনকারীদের সরে আসতে তিনি অনুরোধ করেছেন।

এদিন স্বাস্থ্যভবনে প্রেসমিট করলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। মাত্র পাঁচ মিনিট ৫৬ সেকেন্ডের প্রেসমিট করলেন তিনি। সরকারের তরফ থেকে যে বার্তা দেওয়া হয়েছিল, সেটাই পড়ে শোনালেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন না তিনি। সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান। তাঁর দিকে ঝাঁকে ঝাঁকে প্রশ্ন ধেয়ে আসতে থাকে। কোনও কিছু না শুনেই বেরিয়ে যান তিনি।
রাজ্যের মধ্যবিত্ত, প্রান্তিক অঞ্চলের মানুষজন সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবার উপর নির্ভর করে। ডায়মন্ড হারবার থেকে দার্জিলিং, হাওড়া থেকে মালদহ সব জায়গাতেই সরকারি হাসপাতালের উপর রোগীদের চাপ থাকে। আউট ডোরে প্রচুর লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় সরকারি হাসপাতালে।দূরদূরান্ত থেকে মানুষজন রোগীদের নিয়ে আসেন হাসপাতালে।
এছাড়াও প্রচুর মানুষ হাসপাতালে চিকিৎসা, অস্ত্রোপচারের জন্য ভর্তি হন। সেই সব পরিষেবা ব্যাহত হচ্ছে। প্রসূতি বিভাগেও পরিষেবা পাওয়া যাচ্ছে না বহু হাসপাতালে। এই অভিযোগ উঠছে। মালদহ ও মুর্শিদাবাদ জেলা হাসপাতালে চিকিৎসা না পেয়ে দুই ব্যক্তি মারা গিয়েছেন বলেও অভিযোগ।
এই সব কিছুকে গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য দফতর। সেই হিসেবে সাংবাদিক বৈঠকে বার্তা দিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব। জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছেন যথাযথ তদন্তের দাবিতে।
পিজিটি, ইন্টার্ন ও হাউস স্টাফরাও আন্দোলনে সামিল হয়েছেন।
রাজ্যের বেশিরভাগ হাসপাতালের আউটডোরে পরিষেবা পাওয়া যাচ্ছে না। জরুরি বিভাগ থেকে চিকিৎসার জন্য পাঠানো হলে, তবেই চিকিৎসা চলছে৷ এই অভিযোগ উঠে আসছে৷ হাসপাতালে ভর্তি থাকা রোগীরাও চিকিৎসা পরিষেবা না পাওয়ার ব্যাপারে অভিযোগ রাখছেন।
পরিষেবা স্বাভাবিক করার জন্য আবেদন জানানো হয়েছে রাজ্যের তরফে। পুলিশ যথাযথ তদন্ত করছে। দোষীদের যথাযথ শাস্তির দাবি তোলা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে ওয়াকিবহাল৷ এই দাবি এদিন করেছেন নারায়ণ স্বরূপ নিগম।












Click it and Unblock the Notifications