Doctor Protest: তীব্র হবে আন্দোলন, 'অভয়া'র বিচারে দিল্লি যেতেও প্রস্তুত, বলছেন চিকিৎসকরা
RG Kar Hospital Doctor Protest: দেবীপক্ষে প্রতিবাদের মহালয়া দেখল বাংলা। সকালে 'ভোর দখল' এবং রাতে জুনিয়র ডাক্তারদের বিশাল সমাবেশ দেখল মহানগর। আর সেই সমাবেশ থেকেই আরও তীব্র আন্দোলনের ডাক দেওয়া হয়। এমনকি আগামিদিনে দিল্লির বুকেও আন্দোলনের হুঁশিয়ারি চিকিৎসকদের। শুধু তাই নয়, রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠল। এদিন ডাক্তারদের ডাকা সমাবেশে কার্যত জনপ্লাবন দেখা গিয়েছে।
সাধারণ মানুষ তো বটেই, সিনে জগত থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষরা সামিল হন। ৫০ দিন পেরিয়ে গিয়েছে। এখনও বিচার পায়নি অভয়া। বিচারের দাবিতে লাগাতার আন্দোলনে জুনিয়র ডাক্তাররা। দীর্ঘ একমাসেরও বেশি সময় ধরে কর্মবিরতি পালন করেছেন (RG Kar Hospital Doctor Protest) ।

সম্প্রতি কাজে যোগ দিলেও সাগর দত্ত হাসপাতালের ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে চিকিৎসকদের নিরাপত্তা। এরপরেই ফের একবার কর্মবিরতির পথে হেঁটেছেন জুনিয়াররা। এই অবস্থায় আজ বুধবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে মহা মিছিলের ডাক দেওয়া হয়।
কলেজ স্কোয়ার থেকে সেই মিছিল শুরু হয়। শেষ হয় ধর্মতলায়। মিছিল থেকে একের পর এক চোখা চোখা স্লোগান ওঠে। যা সবটাই সরকার বিরোধী। শুধু তাই নয়, আন্দোলনকারীদের হুঁশিয়ারি, আন্দোলন আরও তীব্র হবে। বিচার দিতেই হবে।
অন্যদিকে এদিন অভিনেত্রী সোহিনী সরকার বলেন, যতক্ষণ না পর্যন্ত মন্ত্রী বিধায়করা সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে যাবেন না ততক্ষণ কিছু হবে না। এমনকি সরকারি স্কুলগুলির উন্নতির জন্যেও প্রয়োজন মন্ত্রী কিংবা ছেলে-মেয়েদের সেখানে পড়ানোর।
অন্যদিকে আজ বুধবার আরজি কর হাসপাতাল এবং মেডিক্যাল কলেজে অভয়ার আবক্ষ মূর্তি বসানো হল। হাসপাতালের ভিতরেই একটি অংশে অভয়ার মূর্তি স্থাপন করা হল। ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁর আসল চেহারা, ছবি, নাম আর প্রকাশ করা যাবে না। সেই কারণে একটি প্রতীকী পাথরের মূর্তি তৈরি করা হয়েছে। সেটি এদিন উন্মোচন করা হল।
যতক্ষণ পর্যন্ত সুবিচার না পাওয়া যাবে, আন্দোলন চলবে। উৎসবের দিনেও আন্দোলনের পথ থেকে সরে থাকা যাবে না। এই দাবি আন্দোলনকারীদের পক্ষ থেকে তোলা হয়েছে। চিকিৎসকরা আরও একবার সেই কথা এদিন সকালে মনে করিয়ে দিয়েছেন। একদিকে যখন বিপ্লব আরও তীব্র হচ্ছে, সেই সময় একের পর এক পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications