নতুন কর্মসূচি, আজ বিকেলে মহামিছিলের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা
মহামিছিলের ডাক দিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। আজ রবিবার বিকেল চারটে নাগাদ এই মিছিলের ডাক দেওয়া হয়েছে। লক্ষ্য সল্টলেক স্বাস্থ্য ভবন। গতকাল শনিবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দীর্ঘ সময় স্নায়ুর যুদ্ধ চলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক ঘিরে টানাপোড়েন দেখেছে গোটা রাজ্য।
রাতে একাধিক তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে। টালা থানার ওসি গ্রেফতার হয়। সন্দীপ ঘোষকে সিবিআই আরজি কর হাসপাতালের ক্রাইম সিন, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করে। আর সেখান থেকেই চিকিৎসকদের আন্দোলন এক নতুন মাত্রা যোগ করে। কালীঘাট থেকে স্বাস্থ্য ভবন তারা ফিরে এসেছিলেন ঝড়জলের রাতে। আজ নতুন এই কর্মসূচির ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।

সল্টলেক সেন্ট্রাল পার্ক থেকে এই মিছিল শুরু হবে বিকেল চারটে নাগাদ। স্বাস্থ্য ভবনের সামনে সেই মিছিল শেষ হবে। শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের এই মিছিলে পা মেলাতে আহ্বান জানানো হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফে। আজ রবিবার এই আন্দোলন ৩৫ দিনে পড়ল। ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই সোচ্চার হয়েছিল নাগরিক সমাজ। সাধারণ মানুষ পথে নেমে এসেছিলেন।
তারপর কল্লোলিনী কলকাতা হয়ে উঠেছিল প্রতিবাদের নগরী। রাত দখল অভিযান থেকে একের পর এক আন্দোলন দেখা গিয়েছে কলকাতা ও শহরতলি এলাকায়। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পাশে সাধারণ মানুষদের তারা শুরু থেকে পেয়েছেন। এই মহা মিছিলে সাধারণ মানুষদের আহ্বান করা হয়েছে।
শনিবার দিনভর রাজনৈতিক টানাপোড়ন দেখা গিয়েছে। আন্দোলনকারীদের মঞ্চে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কর্মবিরতি তুলে চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে যান। এরপর মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। সেখানে চূড়ান্ত নাটক দেখতে পাওয়া যায়। লাইভ স্ট্রিমিং নিয়ে দুই পক্ষের মধ্যে টানাপোড়েন চলে। শেষ পর্যন্ত আরও একবার ভেস্তে যায় বৈঠক।
পাঁচ দফা দাবি থেকে কোনওভাবেই সরে আসছেন না জুনিয়র চিকিৎসকরা। আরজি কর হাসপাতালে ক্রাইম সিন নষ্ট করা হয়েছে। তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে। এই অভিযোগ তুলেছেন জুনিয়র চিকিৎসকরা। গতকাল রাতেই এই অভিযোগে সন্দীপ ঘোষ ও টালা থানার ওসিকে গ্রেফতার করেছে সিবিআই। জুনিয়র চিকিৎসকরা তারপর থেকেই আরও উৎফুল্ল। আজ মহা মিছিলের ডাক দিয়েছেন তারা।












Click it and Unblock the Notifications