Sandip Ghosh Arrest: নৈতিক জয়! সন্দীপ ঘোষ গ্রেফতার হতেই লালবাজারের সামনে উল্লাস আন্দোলনরত ডাক্তারদের
Sandip Ghosh Arrest: দফায় দফায় জেরা শেষে সিবিআই'য়ের হাতে গ্রেফতার আরজি কর হাসপাতাল এবং মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আর্থি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। আর এই খবর লালবাজারের সামনে আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের কাছে পৌঁছতেই উল্লাসে ফেটে পড়েন। চড়তে থাকে স্লোগান, সঙ্গে হাততালি।
একই সঙ্গে সিবিআই'কে ধন্যবাদও জানান জুনিয়ার ডাক্তাররা। তাঁদের স্পষ্ট বক্তব্য, কলকাতা পুলিশ যা পারেনি, সিবিআই করে দেখিয়ে দিল। তবে আন্দোলনের পথ থেকে তাঁরা যে সরছেন না তাও স্পষ্ট করে দিয়েছেন এদিন আন্দোলনকারীরা (Sandip Ghosh Arrest)।

গোটা এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে কলকাতা পুলিশ। এই প্রসঙ্গে আন্দোলনকারী জুনিয়ার ডাক্তার অনিকেত মাহাতো জানান, ঘটনার পর থেকে সন্দীপ ঘোষের গ্রেফতারের দাবিতে আন্দোলন চলেছে। অবশেষে সিবিআই তাঁকে গ্রেফতার করল (Sandip Ghosh Arrest)। এটা আমাদের নৈতিক জয় বলে দাবি ডাক্তারদের। তবে আন্দোলনের পথ থেকে তাঁরা যে সরছেন না তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন অনিকেত।
একই সঙ্গে তাঁর দাবি, ঘটনার পর থেকেই সন্দীপ ঘোষকে আড়াল করার চেষ্টা চালানো হয়েছে। এখনও তাঁকে সাসপেন্ড করা হয়নি। এবার অন্তত স্বাস্থ্য ভবনকে মনে করিয়ে দিতে হবে না তাঁকে সাসপেন্ড করা উচিৎ। এরপরেও কোনও ব্যবস্থা না নিলে আরও বৃহত আন্দোলনের ডাক জুনিয়ার ডাক্তারদের।
বলে রাখা প্রয়োজন, আরজি কর হাসপাতালের জুনিয়ার ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল বাংলা। ঘটনার প্রতিবাদে আজ লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়। আর সেই মিছিল থেকে কলকাতা পুলিশ কমিশনার বিনিত গোয়েলের পদত্যাগের দাবি তোলা হয়। কিন্তু সেই মিছিল বিকেলেই লালবাজারের অনেক দূরে আটকে দেওয়া হয়। এরপর থেকে সেখানেই অবস্থানে বসে জুনিয়ার ডাক্তাররা।
তাদের স্পষ্ট দাবি, মিছিল লালবাজার পর্যন্ত যেতে দেওয়া না হলে অবস্থান বিক্ষোভ চলবে। এমনকি তাঁরা জানান, ৩৬ ঘণ্টা ডিউটি করে আমরা অভ্যস্ত। কোনও ভাবেই রাত জাগতে সমস্যা নেই! দাবি মানা না হলে আন্দোলন একই ভাবে চলবে। এবং সারা রাত অবস্থান চলবে বলেও হুঁশিয়ারি। পাল্টা পুলিশের তরফেও বোঝানোর কাজ চলছে।
দফায় দফায় বোঝানোর কাজ চলছে। কিন্তু দু'পক্ষেই অবস্থানে অনড়। যদিও পুলিশের দাবি, ডাক্তাররা যেখানে মিছিল নিয়ে যেতে চান, সেটি ১৪৪ ধারা। সবার জন্যেই নিয়ম এক।












Click it and Unblock the Notifications