বিচারক পুলিশ সুপারকে আইন মেনে ডাকেননি, কলকাতা হাইকোর্টে নির্দেশ খারিজ
নিম্ন আদালতের বিচারকের বিরুদ্ধেই এবার কলকাতা হাইকোর্টে গেলেন জেলার পুলিশ সুপার। তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেলে বুধবার।
নিম্ন আদালতের বিচারকের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন মালদার পুলিশ সুপার। অভিযোগ, আইন বহির্ভূতভাবে মালদহের চাঁচলের অতিরিক্ত দায়রা বিচারক তাঁকে তলব করছেন। একাধিক বার তাঁকে তলব করা হয়েছে বলে খবর।

পুলিশ সুপার ওই নির্দেশ মেনে হাজিরা দেননি। বিচারকের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানালেন মালদহের পুলিশ সুপার প্রদীপকুমার যাদব। কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলা ওঠে। নিম্ন আদালতের বিচারকের নির্দেশ কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে।
অভিযোগ, এক্তিয়ার-বহির্ভূত ভাবে তলব করছেন বিচারক। পুলিশ সুপার প্রদীপকুমার যাদবের পক্ষে আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় আদালতে আবেদন জানান। সেই আবেদনে সাড়া দিয়ে বিচারপতি শুভ্রা ঘোষ চাঁচল আদালতের বিচারকের ওই নির্দেশ খারিজ করে দিয়েছেন।
কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, যে ভাবে পুলিশ সুপারকে ডেকে পাঠিয়েছেন বিচারক, তা তাঁর এক্তিয়ারের মধ্যে পড়ে না। অভিযোগ একাধিক বার নিজের চেম্বারে পুলিশ সুপারকে ডেকে পাঠিয়েছেন ওই বিচারক।
হাইকোর্ট সূত্রের খবর, ঘটনার সূত্রপাত একটি জামিন সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে। ওই মামলায় পুলিশের কাজে অসন্তুষ্ট হন চাঁচল কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক। ১৪ মে জেলা পুলিশ সুপারকে ডেকে পাঠানো হয়। তিনি না গেলে ফের ২০ মে তলব করা হয়। সেদিনও যাননি পুলিশ সুপার। এরপর ৪ জুন ফের পুলিশ সুপারের ডাক পড়ে।
কিসের ভিত্তিতে জেলা পুলিশ সুপারকে ডাকলেন বিচারক? কোন আইনের ভিত্তিতে এভাবে নিজের চেম্বারে তলব করা হল? প্রশ্ন খোদ কলকাতা হাইকোর্টেরই। রাজ্যের প্রত্যেক জেলায় জেলা বিচারকের একটি নজরদারি কমিটি আছে। পুলিশ সুপার সহ জেলার একাধিক উচ্চপদস্থ আধিকারিক সেই কমিটিতে আছেন। কোনও বক্তব্য থাকলে বিচারক সেখানে জানাতে পারতেন।
কলকাতা হাইকোর্টের নির্দেশ চাঁচল আদালতের ওই বিচারকের কাছে পাঠানোর কথা বলা হয়েছে। রাজ্য সরকারকে এই নির্দেশ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications