Jadavpur: 'মাদক, ব়্যাগিং হয় যাদবপুরে, হাকিম-সেলিম সেটিং;' শিক্ষা ফেরাতে 'মমতার বিসর্জন'-এর ডাক শুভেন্দুর
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্যের অভিযোগে এবার পথে নামল বিজেপি। রবিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে প্রিন্স আনোয়ার শাহ রোড থেকে মিছিল করে বিজেপি (BJP)। আদালতের অনুমতি নিয়েই মিছিলে সামিল বিরোধী দলনেতা। যাদবপুরে অশান্তির জন্য বাম ও তৃণমূলকে একযোগে নিশানা বিজেপির। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের গ্রেফতারিও দাবি বিজেপির।
নবীনা সিনেমা হলের সামনে থেকে বেলা ১১টা থেকে ৩টে পর্যন্ত মিছিলের কথা ছিল। বেলা সাড়ে ১২টা নাগাদ শুরু হয় মিছিল। ধিক্কার মিছিলে শুভেন্দু বলেন, "ফ্রাঙ্কেস্টাইন তৈরি করেছে মমতা ব্যানার্জি। সিপিএম ও তৃণমূল যাদবপুরের ক্ষেত্রে এক। মাদক, ব়্যাগিং থেকে দেশবিরোধী সব কাজই হয় যাদবপুরে। সেকারণেই সেকু-মাকুর বিরুদ্ধে আওয়াজ উঠেছে। হাকিম সেলিম সেটিংয়ের বিরুদ্ধে আওয়াজ উঠেছে।"

অপ্রাসঙ্গিক সিপিএমকে প্রাসঙ্গিক করার জন্যে তৃণমূল গট আপ করেছে বলে দাবি শুভেন্দুর। দেশবিরোধী এই টুকরে টুকরে গ্যাং বিধানসভা ভোট এলে মোদিজীর বিরুদ্ধে বলবে নৌ ভোট টু বিজেপি, মন্তব্য শুভেন্দুর। যাদবপুর নিয়ে অবস্থানে অনড় থেকে শেষ দেখে ছাড়ার হুঁশিয়ারি শুভেন্দুর। যাদবপুর নিয়ে সুর চড়াতে জনজাগরণের ডাক বিরোধী দলনেতার। ১৬ তারিখ নাগরিক কনভেনশন ও ১৮ তারিখ উচ্চমাধ্যমিক শেষের পর আরও কর্মসূচি গ্রহণের ডাক শুভেন্দুর।
শুভেন্দু বলেন, "বাইরের কাজটা আমরা করব। ভেতরের কাজ এবিভিপি করবে। রাষ্ট্রবাদী অরাজনৈতিক সামাজিক ছাত্র সংগঠন কাজ করবে। একদিকে জনজাগরণ ও ছাব্বিশে মমতার বিসর্জন হলেই যাদবপুরে স্থায়ী সমাধান হবে।" ওমপ্রকাশের গ্রেফতারির দাবিতেও পোস্টার দেওয়া হয় মিছিলে। শুভেন্দুর পাশাপাশি মিছিলে উপস্থিত ছিলেন কৌস্তব বাগচি, অনুপম ভট্টাচার্যও। মিছিল থেকে স্লোগানও দেওয়া হয় "সেকু-মাকু ভাই ভাই।"
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ছাড়া সবকিছুই হয় বলে মন্তব্য শুভেন্দুর। " এত নামকরা বিশ্ববিদ্যালয়। অথচ টুকরে টুকরে গ্যাং, কাশ্মীর মাঙ্গে আজাদি সবকিছুই হয়। সিপিএম তৃণমূল সেটিং করে এসব করে। এসব বন্ধ করে পড়াশোনার পরিবেশ ফেরানো উচিত। দু'নম্বরি কাজ বন্ধ করতে হবে। সেকারণেই প্রতিবাদে পথে নেমেছে বিজেপি।"
এদিকে যাদবপুর কাণ্ডে এবার শিক্ষামন্ত্রীর গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ পুলিশের। ঠিক কী ঘটনা ঘটেছিল, তা জানতে ব্রাত্যর গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ। বয়ানও রেকর্ড করেছে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত পড়ুয়াদেরও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
এবার যাদবপুর নিয়ে বেলাগাম বিজেপি বিধায়ক। যাদবপুরে তৃণমূল ও সিপিএমের আঁতাতের দাবি বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঠান্ডা করার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। বিজেপি ও এবিভিপির উপর দায়িত্ব ছেড়ে দিলে আধ ঘণ্টায় যাদবপুরকে ঠান্ডা করে দেওয়ার হুঁশিয়ারি অমরনাথের।












Click it and Unblock the Notifications