Jadavpur University: যাদবপুরকাণ্ডে মধ্যরাতে পুলিশের জালে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী, থানায় ৫টি FIR দায়ের
Jadavpur University: রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়। তৃণমূলের অধ্যাপক সংগঠনের বৈঠক চলাকালীন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলকালাম। তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠনের সদস্যদের সঙ্গে SFI-এর হাতাহাতি। বেনজির হামলার শিকার খোদ শিক্ষামন্ত্রী। পাল্টা মন্ত্রীর গাড়িতে চাপা পড়ে পড়ুয়া আহত হয়েছে বলে অভিযোগ। আর এবার, যাদবপুরকাণ্ডে মোট ৫টি এফআইআর দায়ের করা হল। ইতিমধ্যেই আটক করা হয়েছে একজনকে।
যাদবপুর থানায় (Jadavpur Police Station) ৫টি এফআইআর (FIR) দায়ের হয়েছে। এর মধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) গাড়িতে হামলা ও তাঁকে বাধা দেওয়া এবং সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ দায়ের করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষাবন্ধু সমিতির অফিসে রাতে আগুন লাগার ঘটনাতেও দায়ের হল অভিযোগ। রাত সাড়ে ৯টা নাগাদ আগুন লাগে বলে জানা যায়। হঠাৎ করে কীভাবে আগুন লাগল, নাকি আগুন লাগানো হল, তা নিয়ে ধন্দ। এই অভিযোগগুলি দায়ের করেছে তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপা।
অন্যদিকে, যাদবপুরকাণ্ডে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন তৃণমূল ছাত্র পরিষদের এক ছাত্রী। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া অভিযোগ দায়ের করেছেন। আবার গোটা ঘটনার মাঝে ছিনতাইয়েরও অভিযোগ দায়ের করা হয়েছে। মোট ৫টি অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে কলকাতা পুলিশও।
সূত্রের খবর, তদন্তে নেমে ইতিমধ্যেই একজনকে আটক করেছে পুলিশ। এক ছাত্রকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দু'তরফেই দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে শনিবার মধ্যরাতেই যাদবপুর চত্বর থেকেই আটক করা হয় তাঁকে।
জানা গিয়েছে আটক হওয়া ছাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী (Alumni)। তাঁর নাম সাহিল আলি। ব্রাত্য বসুর গাড়ির উপর হামলা, কাঁচ ভাঙা ও অধ্যাপকদের উপর হামলা অভিযোগের ভিত্তিতেই আটক বলে জানা গিয়েছে।
এছাড়াও বাকি অভিযোগগুলির নিস্পত্তি করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত, শনিবার দফায় দফায় সংঘর্ষ ছড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে শনিবার বিক্ষোভ দেখিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে এসএফআইয়ের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের করে ওয়েবকুপা। শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আন্দোলনকারী ছাত্র জখম হয় বলে অভিযোগ। ব্রাত্যর গাড়ির বনেটে উঠেও বিক্ষোভ দেখানো হয়।












Click it and Unblock the Notifications