পণ না দিলে সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি আপলোডের হুমকি ইঞ্জিনিয়ার স্বামীর!
কলকাতা, ১৫ অক্টোবর : পণ না দিলে স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ার আপলোড করে দেওয়ার হুমকি দিল স্বামী। কলকাতার উপকণ্ঠে কসবায় এই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার স্বামী সঞ্জয় চৌবের বিরুদ্ধে। স্বামীর পাল্টা অভিযোগ, তাঁকে ফাঁসাতেই শ্বশুরের প্ররোচনায় এই অভিযোগ করা হচ্ছে। নিগৃহীতা স্ত্রীর অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চলত।
যতদিন পর্যন্ত বাপের বাড়ি থেকে প্রয়োজনমতো টাকা বা জিনিসপত্র আনতে পেরেছেন, ততদিন পর্যন্ত ঠিক ছিল। কিন্তু দিনের পর দিন বাড়ছিল স্বামীর চাহিদা। আর তা মেটাতে না পারায় শুরু হয় অত্যাচার। শেষে একটি এসইউভি গাড়ি দাবি করে বসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার স্বামী। সেই দাবি না মেটাতে পারায় অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

শেষমেশ কোনও উপায় না দেখেই কসবা থানায় অভিযোগ দায়ের করেন স্ত্রী। ১০ দিন আগে এই অভিযোগ করা হলেও, এখনও পর্যন্ত পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। তিনি স্বামীর বিকৃত যৌন লালসার শিকার হয়েই চলেছেন বলে অভিযোগ স্ত্রীর। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা দূরে থাক, তার মোবাইলটাও সিজ করেনি পুলিশ। আদতে পুলিশ কোনও মামলা দায়ের করেছেন কি না, তা নিয়েই সন্দেহ।
পুনেতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত সঞ্জয় চৌবে স্ত্রীর এই অভিযোগ অস্বীকার করেছেন।
সঞ্জয়ের দাবি, চার বছর আগে তাঁদের বিয়ে হয়েছিল। কিন্তু বনিবনা না হওয়ায় তাঁর স্ত্রী আড়াই বছর ধরে বাপের বাড়িতেই থাকে। তাঁদের ডিভোর্সের মামলাও চলছে। এমতাবস্থায়, তাঁকে ফাঁসানোর জন্যই শ্বশুরের যুক্তিতে তাঁর বিরুদ্ধে এমন অদ্ভুত অভিযোগ আনা হচ্ছে।
সঞ্জয়ের স্ত্রীর কথায়, প্রায়ই টাকা বা নানান দাবি করে স্ত্রীর উপর চাপ সৃষ্টি করত সে। দাবি না মেটালেই শুরু হত অত্যাচার। আবার স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ মুহুর্তের ছবি তাঁর মোবাইলেও তুলে রাখত। সঞ্জয়ের স্ত্রীর জানায়, তখন বুঝিনি, ওই ছবি তুলে রাখার কী অর্থ।
আসলে পণের দাবিতে ব্ল্যাকমেলিং করার জন্যই পূর্ব পরিকল্পিতভাবে এগিয়েছে তাঁর স্বামী। এক অসহনীয় যন্ত্রণা নিয়ে তিনি দিন কাটাচ্ছেন। পুলিশের কাছে ওই গৃহবধূর দাবি, স্বামীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হোক। আবার স্বাভাবিক জীবনে ফিরতে চান তিনি। চান ন্যায়-বিচার।












Click it and Unblock the Notifications