ডিগ্রি নিয়ে মিথ্যে বলেছে তাই ক্ষমা চাইব না, নাম না করে দিলীপকে তোপ তথাগতর
বঙ্গ-রাজনীতির চর্চিত বিবাদের একটি হল তথাগত রায় বনাম দিলীপ ঘোষ৷ শেষ কয়েকবছরে প্রায় ধারাবাহিকভাবে দিলীপ ঘোষকে আক্রমণ করে গিয়েছেন বঙ্গ-বিজেপিরই বর্ষীয়াণ নেতা তথাগত রায়৷ এবার একটি ফেসবুক পোস্টে নাম না করে দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ভুয়ো বলে মন্তব্য করলেন তথাগত রায়৷

ঠিক কী লিখেছেন তথাগত?
বুধবার সন্ধ্যায় ফেসবুকে তথাগত লিখেছেন, 'আমার এক বন্ধু বলেছেন আমি নাকি ফিটার মিস্ত্রিদের অপমান করেছি। কখনোই না। কিন্তু যদি অজান্তেও করে থাকি তাহলে তাদের কাছে ক্ষমা চাইছি। কিন্তু যে ফিটার মিস্ত্রীটি ২০১৬ সালের নির্বাচনের আগে মিথ্যা এফিডেভিট করে নিজেকে ঝাড়গ্রাম পলিটেকনিকের ডিপ্লোমাপ্রাপ্ত বলে লিখেছিলেন, এবং যা ওই পলিটেকনিক অস্বীকার করেছে তার কাছে ক্ষমা চাওয়ার প্রশ্ন নেই। কারণ মিথ্যা এফিডেভিট করা একটি দণ্ডযোগ্য অপরাধ।'

দিলীপ ঘোষ ডিগ্রি নিয়ে বিতর্ক!
২০১৬ সালে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় দিলীপ ঘোষ নির্বাচন কমিশনকে হলফনামায় জানিয়েছিলেন তিনি ঝাড়গ্রাম পলিটেকনিক কলেজ থেকে পাশ করেছিলেন৷ তথাগতর দাবি মতো ঝাড়গ্রাম পলিটেকনিক কলেজ এই বিষয়টি অস্বীকার করে৷ যদিও ২০১৯ সালে দিলীপ নিজেই লোকসভা নির্বাচনের সময় হলফনামায় জানান তিনি ১৯৮২ সালে ঝাড়গ্রাম আইটিআই থেকে পাশ করেছেন এ নিয়ে সে সময় বিতর্ক তৈরি হয়েছিল!

নিজের সপক্ষে কী যুক্তি দিয়েছিলেন দিলীপ ঘোষ?
২০১৯ এ নির্বাচন লড়ার সময় দিলীপ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে বিধানসভা ভোটের সময় নির্বাচন কমিশনকে আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে যে তথ্য দিয়েছিলাম তাতে কিছু ভুল ছিল। এবারে আর কোনও ভুল নেই৷'

কী নিয়ে দিলীপ-তথাগত বিবাদ?
সম্প্রতি একটি টিভি চ্যানেলে নাম না করে তথাগতকে কটাক্ষ করেন বঙ্গবিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ৷ সংবাদমাধ্যমে দিলীপকে বলতে শোনা যায়, 'যারা জীবনে কিছু করতে পারেনি তারাই ভুলভাল কথা বলে হতাশা থেকে৷ উনি তো জ্যোতি বসুর থেকে সুবিধা নিতেন সিপিএম আমলে৷ তারপর তৃণমূলের থেকেও সুবিধা নিয়েছেন আবার বিজেপি থেকেও সমস্ত সুযোগ সুবিধা নিয়েছেন৷' এরপর থেকেই দিলীপ ঘোষকে কটাক্ষের কোনও সুযোগ ছাড়ছেন না তথাগত৷ যদিও ২০১৯ এর পরপরই দিলীপকে 'ফিটারমিস্ত্রি' বলে কটাক্ষ করেছিলেন তথাগত রায়৷












Click it and Unblock the Notifications