নোট বাতিলে ধাক্কা দেশের অর্থনীতিতে, মোদীকে বিষোদ্গার মুখ্যমন্ত্রীর
নোট বাতিলের পরই আশঙ্কা করেছিলেন ধাক্কা খাবে অর্থনীতি। জিডিপি পড়তেই কোমর বেঁধে বাংলার মুখ্যমন্ত্রী আক্রমণে নামলেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে।
দেশের জিডিপি-র হার কমায় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্যোশাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে কেন্দ্রকে একহাত নেন মমতা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ফেসবুকে লেখেন, নোট বাতিলের সময়ই যা আশঙ্কা করেছিলাম, তা-ই আজ সত্যি হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্ত যে দেশের অর্থনীতির প্রভূত ক্ষতি করেছে, তা আজ প্রমাণিত। এখন কী বলবেন নরেন্দ্র মোদী! প্রশ্ন তোলেন মমতা।
বর্তমান বছরের জানুয়ারি থেকে মার্চ- এই ত্রৈমাসিকে জিডিপি-র হার কমে দাঁড়িয়েছে ৬.১ শতাংশে। তার পরই মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে এই পোস্টটি করেন। তিনি লেখেন- 'নোট বাতিলের সময় থেকেই আমি বলে এসেছি দেশের অর্থনীতিতে এর খারাপ প্রভাব পড়বে। উৎপাদনশীলতার হার ব্যাপক মাত্রায় কমে যাবে।'

তিনি আরও লেখেন, 'নোট বাতিলের ফলে প্রচুর মানুষ কাজ হারাবেন- এই আশঙ্কা ছিলই। সেইমতো বিশাল ছাঁটাই হয়েছে। বেকার হয়েছেন কর্মীরা। তা ধাক্কা দিয়েছে দেশের অর্থনীতিতে। এখন দেখছি আমার ধারণাই ঠিক ছিল। শেষ ত্রৈমাসিকে জিডিপি ৬.১ শতাংশ। অথচ ঠিক আগের জিডিপি-ই ছিল ৭.৯ শতাংশ। অর্থাৎ প্রায় দুই শতাংশ জিডিপি হ্রাস পেয়েছে। এর ফলে কৃষি, অসংগঠিত ক্ষেত্র ও অন্যান্য চাকরির হালও খারাপ হয়েছে।' এই বলেই কেন্দ্রকে তোপ দেগেছেন বাংলার মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications