লালবাজার অভিযান ঘিরে ধুন্ধুমার, এবার বাম নেতা-কর্মীর মাথা ফাটাল পুলিশ
কলকাতা, ১ অক্টোবর : বামেদের নবান্ন অভিযানে মাথা ফেটেছিল পুলিশের। এবার আর সেই ভুল করল না পুলিশ। তাদের লাঠির ঘায়ে এবার মাথা ফাটল লালবাজার অভিযানে আসা বাম কর্মী সমর্থকদের।
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এদিন লালবাজার অভিযান হবে তা আগে থেকেই জানা ছিল পুলিশের। ফলে তৈরিই ছিল তারা।

এদিন বিকালে তিন দিক থেকে আসা বিশাল মিছিল সামলাতে গিয়ে ব্যাপক পুলিশি লাঠিচার্জে মাথা ফাটল বাম কর্মী-সমর্থকদের। আহত হলেন কয়েকজন বাম নেতাও। এদিন মহিলা ও বয়স্কদের উপরও পুলিশি নির্যাতন চলেছে নির্বিচারে।
এদিন কলেজ স্কোয়ার, সুবোধ মল্লিক স্কোয়ার এবং ধর্মতলার ওয়াই চ্যানেলে জমায়েত করে তিনটি মিছিল নিয়ে লালবাজারের দিকে যাওয়ার চেষ্টা করেন বাম নেতা-কর্মীরা। মিছিলে বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিমের মতো নেতারা নেতৃত্ব দেন।
রাস্তায় একাধিক ব্যারিকেড তৈরি করে মিছিল আটকাতে না পেরে শেষে গণেশ চন্দ্র অ্যাভিনিউতে পুলিশ ব্যাপক লাঠি চার্জ শুরু করে। তাতেই বহু কর্মী আহত হন। জানা গিয়েছে, আহত বাম কর্মী সহ নেতৃত্ব গণেশ চন্দ্র অ্যাভিনিউতে পথে বসে অবস্থান বিক্ষোভে শামিল হন। ফলে ফের একবার অবরুদ্ধ হয়ে পড়ে কলকাতা সহ আশপাশের এলাকা।












Click it and Unblock the Notifications