ফের সেক্টর ফাইভে সক্রিয় আন্তর্জাতিক অবৈধ কল সেন্টার, অভিযান চালিয়ে উদ্ধার নগদ ৬০ লক্ষ টাকা
ফের একবার কলকাতার বুকে সক্রিয় কলসেন্টারের আড়ালে প্রতারণা চক্র। পুলিশি তৎপরতায় উদ্ধার কয়েক লক্ষ টাকা। কলকাতার সল্টলেকের সেক্টর ফাইভে আন্তর্জাতিক কল সেন্টারের আড়ালে চালানো হচ্ছিল বড়সড় প্রতারণা চক্র। তবে শেষ রক্ষা হয়নি।
বিধাননগর পুলিশ কমিশনারেটের অতর্কিত অভিযানে ফাঁস হয়ে যায় এই প্রতারণা চক্র। পুলিশের অভিযানে এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে এই মামলায়। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। বাজেয়াপ্ত করা হয়েছে ৬০ লক্ষ টাকারও বেশি নগদ অর্থ।

বিধাননগর পুলিশ কমিশনারেটের কাছে বিশেষ সূত্রে খবর আসে যে, সল্টলেক সেক্টর ফাইভের একটি বহুতলে অবৈধভাবে আন্তর্জাতিক কল সেন্টার চালানো হচ্ছিল। এরপরই মঙ্গলবার রাতে হঠাৎ অভিযান চালায় পুলিশ।
অভিযানে ৬০ লক্ষ নগদ টাকা বাজেয়াপ্ত করা হয় এবং সেই সঙ্গে কল সেন্টারের মালিক অবিনাশ জয়সওয়াল ওরফে পীযূষকে গ্রেফতার করা হয়। এছাড়াও তার বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। নগদ টাকা এত বেশি ছিল যে, পুলিশকে টাকা গুনতে বিশেষ মেশিন আনতে হয়।
অভিযান চালিয়ে শুধু টাকা নয়, একাধিক মোবাইল, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। অবিনাশ জয়সওয়ালের সঙ্গে এ ঘটনায় আরও দুই ব্যক্তিকেও গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে সিজার প্রক্রিয়া চলছে এবং ধৃতদের আজ আদালতে পেশ করা হবে।
সল্টলেক-রাজারহাট এলাকায় এমন বেআইনি কল সেন্টার দীর্ঘদিন ধরেই সক্রিয়। এসব কল সেন্টারের আড়ালে বিভিন্ন অবৈধ ও প্রতারণামূলক কার্যকলাপ চালানো হয় বলে অভিযোগ। এটি নতুন নয়-গত জানুয়ারিতেও নিউটাউনের দুটি বাণিজ্যিক বহুতলে হানা দিয়ে পুলিশের সাইবার সেল আরও একটি ভুয়ো কল সেন্টারের সন্ধান পেয়েছিল। সেই অভিযানে তিনজন মহিলা-সহ ১৫ জন গ্রেফতার হয়েছিল এবং বাজেয়াপ্ত করা হয়েছিল ৬২টি ল্যাপটপ ও ৪১টি মোবাইল ফোন।
গোয়েন্দাদের দাবি, এই প্রতারণা চক্র বিদেশের টাকা হাওয়ালার মাধ্যমে রাজ্যে প্রবেশ করাতো। আর এই ভাবেই চলত তাদের কারবার। এই বার যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের কাছ থেকেও জানতে চাওয়া হচ্ছে, তারা কীভাবে টাকা লেনদেন করত সেই বিষয়টি।
বিধাননগর পুলিশ কমিশনারেট জানিয়েছে, এমন আরও অবৈধ কল সেন্টারের সন্ধান পেতে অভিযান জারি থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় বেআইনি প্রতারণা চক্র দমন করতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। কোনও প্রতারণা চক্রকেই ছাড় দেওয়া হবে না বলে পুলিশের তরফে জানান হয়েছে।












Click it and Unblock the Notifications