ক্যানসার মোকাবিলায় বন্ধু ব্যাকটেরিয়া! কলকাতার আইআইএসইআরের গবেষণায় বড় দাবি
ক্যানসার মোকাবিলা করবে বন্ধু ব্যাকটেরিয়া। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (IISER)-এর গবেষকরা এমনই দাবি করলেন।
গবেষকরা জানাচ্ছেন, ক্যানসার প্রতিরোধের জন্য "বন্ধু ব্যাকটেরিয়া" তাঁরা তৈরি করেছেন। এই ব্যাকটেরিয়া রোগীর শরীরের ভেতর থেকে নিরাপদে এবং কার্যকরভাবে ক্যানসার মোকাবিলা করতে সক্ষম।

চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণের জন্য একটি শনাক্তকরণ পদ্ধতিও তৈরি করা হয়েছে বলে দাবি গবেষকদের। এই উদ্ভাবনগুলি ক্যানসার চিকিৎসা পদ্ধতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে, যেখানে থেরাপিউটিক এবং ডায়াগনস্টিক পদ্ধতি একত্রিত হয়েছে। এই প্রকল্পের নাম ReSET (Reprogramming the Suppressive Environment of Tumour Microenvironment)। এটি ক্যানসারের চিকিৎসায় অন্যতম প্রধান বাধা দূর করতে সাহায্য করবে।
আইআইএসইআর জানিয়েছে, "ক্যানসার প্রায়শই বিশেষ ইমিউন কোষ, যাকে টি রেগুলেটরি কোষ (Tregs) বলা হয়, তার আড়ালে লুকিয়ে থাকে। এই কোষগুলো শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থাকে দমন করে। যার ফলে ইমিউনোথেরাপি বা কেমোথেরাপির মতো প্রচলিত চিকিৎসাগুলি কম কার্যকর হয়।" আইসার কলকাতার দলটি প্রোবায়োটিককে এমনভাবে তৈরি করছে যা টিউমার শনাক্ত করতে এবং তার কার্যকলাপ ব্যাহত করে ক্যান্সারের বিরুদ্ধে শরীরের প্রতিরোধ ব্যবস্থাকে পুনরায় সক্রিয় করবে।
সহজ কথায়, বন্ধুত্বপূর্ণ জীবাণুগুলিকে জীবন্ত, লক্ষ্য-নির্দিষ্ট ঔষধে রূপান্তরিত করছে যা একদিন রোগীর শরীরের ভেতর থেকে ক্যানসার চিকিৎসাকে আরও নিরাপদ ও কার্যকর করে তুলবে। গবেষণা কক্ষের বাইরেও, শিক্ষার্থীরা তাদের গবেষণায় বাস্তব জীবনের ধারণা যুক্ত করেছেন। তাঁরা অনকোলজিস্ট, সার্জেন, ক্যানসার থেকে সেরে ওঠা ব্যক্তি এবং এনজিও-এর সঙ্গে আলোচনা করেছেন।
এ ছাড়াও, স্কুলগুলোতে সচেতনতামূলক কার্যক্রম এবং ক্যানসার সচেতনতা অভিযান পরিচালনা করা হয়েছে। হেয়ার ডোনার এবং রোগী সহায়তা গোষ্ঠীর সঙ্গেও যোগাযোগ রাখা হয়েছে। এই আলোচনাগুলি তাঁদের চিকিৎসাকে বৈজ্ঞানিকভাবে সঠিক, নৈতিকভাবে দায়িত্বশীল এবং সামাজিকভাবে প্রাসঙ্গিক করতে সাহায্য করেছে।
গবেষকদের দাবি, তাঁদের কাজ কেবল একটি বৈজ্ঞানিক প্রোটোটাইপ নয়, বরং এটি প্রমাণ করে যে ভারতের তরুণরা বিশ্বমানের গবেষণা করতে সক্ষম। তাঁদের কথায়, "ইঞ্জিনিয়ারড ব্যাকটেরিয়া দিয়ে Tregs পথকে লক্ষ্য করে আমরা ক্যানসারের চিকিৎসার একটি সম্পূর্ণ নতুন শ্রেণি তৈরি করতে চাই, যা ক্যানসারের চিকিৎসায় বিপ্লব ঘটাবে।"
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (IISER) কলকাতার ১১ জন স্নাতক শিক্ষার্থী এই বছরের অক্টোবরে প্যারিসে অনুষ্ঠিত হতে চলা বিশ্বের বৃহত্তম সিন্থেটিক বায়োলজি প্রতিযোগিতা ইন্টারন্যাশনাল জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারড মেশিন (iGEM) গ্র্যান্ড জাম্বুরি ২০২৫-এ তাঁদের প্রতিষ্ঠান এবং ভারতের প্রতিনিধিত্ব করবেন।












Click it and Unblock the Notifications