রাজনীতির মঞ্চে কোয়েল মল্লিক! 'মানুষের জন্য কাজ করার সুযোগ পেলে...', মনোনয়ন জমা দেওয়ার আগে কী বললেন তিনি?
দীর্ঘদিন ধরে বাংলা চলচ্চিত্র জগতের পরিচিত মুখ কোয়েল মল্লিক। তবে এবার অভিনয়ের জগতের বাইরে নতুন এক ভূমিকায় দেখা যেতে চলেছে তাঁকে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্যসভা নির্বাচনে প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর তিনি আজ বিধানসভায় গিয়ে মনোনয়ন জমা দিয়েছেন।

বিধানসভায় ঢোকার সময় তাঁর সঙ্গে ছিলেন স্বামী নিসপাল সিং রানে। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোয়েল বলেছেন যে, এই প্রথম তিনি বিধানসভায় এসেছেন এবং এরকম একটি নতুন দায়িত্ব তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের জন্য কাজ করার সুযোগ পেলে তাঁর কাছে সেটাই হবে সবচেয়ে বড় প্রাপ্তি।
রাজ্যসভা নির্বাচনের জন্য তৃণমূল যে চার জনকে প্রার্থীকে বেছে নিয়েছে, কোয়েল তাঁদের মধ্যে অন্যতম। এতদিন নির্বাচনের সময় বিভিন্ন অভিনেতা এবং অভিনেত্রীকে প্রার্থী করে রাজনৈতিক ভাবে চমক দিয়েছে দলটি। তবে আগে কখনও কোয়েলকে সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে দেখা যায়নি। তিনি এতদিন পর্যন্ত মূলত সিনেমার জগতেই সীমাবদ্ধ ছিলেন।
তাঁর প্রার্থীপদ ঘোষণার পর থেকেই তা রাজনৈতিক এবপং সাংস্কৃতিক মহলে যথেষ্ট চর্চার বিষয় হয়ে উঠেছে। নির্বাচনী প্রক্রিয়া অনুসারে শুক্রবার অর্থাৎ আগামীকাল মনোনয়নপত্রের যাচাই করা হবে। এরপর প্রার্থীরা চাইলে ৯ তারিখ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করার সুযোগ পাবেন। সেই দিনই শেষ পর্যন্ত জয়ী প্রার্থীর নাম ঘোষণা এবং শংসাপত্র প্রদান করা হবে।












Click it and Unblock the Notifications