বাগনানে তৃণমূল নেতা খুন! কোপ পড়ল পুলিশ আধিকারিকের ওপর
তৃণমূল নেতা খুনের ঘটনায় বদলি করা হল বাগনানের আইসিকে। এলাকায় নেতা খুনের পরেই পুলিশের বিরুদ্ধে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ারও অভিযোগ ওঠে।
তৃণমূল নেতা খুনের ঘটনায় বদলি করা হল বাগনানের আইসিকে। এলাকায় নেতা খুনের পরেই স্থানীয় দুষ্কৃতী ও বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিল তৃণমূল নেতৃত্ব। পুলিশের বিরুদ্ধে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ারও অভিযোগ ওঠে। বাগনানের নতুন আইসি করা হয়েছে অভিজিৎ সরকারকে।

সোমবার রাতে বাগনানে তৃণমূল নেতা খুনের ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার বেশ কয়েকজন। মৃত নেতার গ্রাম সংলগ্ন এলাকা থেকেই এদের গ্রেফতার করা হয়। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। চলছে পুলিশি টহলও। এলাকায় বহিরাগতদের ওপর নজরদারি চালানো হচ্ছে।
তবে থানার আইসির বিরুদ্ধে সঠিক ভাবে কাজ না করার অভিযোগ করে শাসক দল। শুক্রবারই তাঁর বদলির কথা জানা যায়। বাগনান থেকে একেবারে দক্ষিণ দিনাজপুরের হোমগার্ড শাখায় বদলি করার কথা জানানো হয়েছে।
সোমবার রাত ১০টা নাগাদ বাইকে করে বাড়ি ফেরার সময় হাতুড়িয়া নপাড়ায় মহম্মদ মহসিন খান নামে ওই নেতাকে গুলি করা হয়। মাথায় ও পেটে গুলি লাগায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মহসিন খানের। দুষ্কৃতীরা বাইকে করেই এসেছিল ।
ঘটনার পরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। মৃতদেহ নিয়ে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। ভাঙচুর করে আগুন লাগানো হয় বেশ কয়েকটি বাড়িতেও। তৃণমূলের একাংশের তরফে খুন নিয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। খুন নিয়ে তৃণমূলের অপর পক্ষ অবশ্য স্থানীয় দুষ্কৃতীদের দিকেই অভিযোগের আঙুল তোলে।
আগেরবার হাতুড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য ছিলেন মহসিন খান। এবার সেই আসন থেকে জিতেছেন তাঁর স্ত্রী নূরনেসা বেগম।












Click it and Unblock the Notifications