Fire at Kolkata: দমদমে বিধ্বংসী আগুন, আনা হল রোবট, গৃহহীন বহু মানুষ
Fire at Kolkata: কয়েক ঘণ্টা কেটে গিয়েছে! এখনও নিয়ন্ত্রণ নয় দমদমের ছাতাকলার আগুন। দমকলের অন্তত ১০ টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন নেভানোর কাজে পাঠানো হয়েছে একটি রোবটকেও।। বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ৪০ টি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে।
গৃহহীন বহু মানুষ। ইতিমধ্যে ঘটনাস্থলে (Fire at Kolkata) পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু। প্রচার বন্ধ রেখেই ঘটনাস্থলে গিয়েছেন সৌগত রায়, সুজন চক্রবর্তীরাও। ঘটনাস্থলে দাঁড়িয়ে উদ্ধারকাজে তদারকি করছেন। যা খবর, শনিবার দুপুরে দমদমের সুধীর শূর কলেজের পিছনের এক বস্তিতে আগুন লাগে।

মুহূর্তের মধ্যে আগুন ভয়ঙ্কর আকার নেয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা আকাশ। শুধু তাই নয়, একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। ঘটনাস্থলে আসে দমকলের অনবত্ত ১০ টি ইঞ্জিন। যদিও এলাকার মানুষের অভিযোগ, ঘটনার দীর্ঘক্ষণ পর আগুন নেভানোর কাজে আসে দমকল।
যদিও দমকল আধিকারিকদের দাবি, এলাকার অবস্থা এতটাই ঘিঞ্জি যে ঘটনাস্থলে পৌঁছতে হিমশিম খেতে হচ্ছে। যদিও ঘটনাস্থলে দমকলের অত্যাধুনিক ব্যবস্থা একটি রোবটকে ব্যবহার করা হচ্ছে বলে জানা গিয়েছে। অন্যদিকে কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। যদিও স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যায় প্রথমে। আর তা থেকেই ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি। অন্যদিকে ক্ষয়ক্ষতির বিষয়েও এখনও কিছু জানা যায়নি।
দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, ঘটনার খবর পেয়েই ছুটে এসেছি। পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। আগুন নেভানোর কাজ করতে আমাদের রোবট আছে। সেই রোবটকে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। তবে আগুন নেভানোর কাজে যে সমস্যা হচ্ছে তা মেনে নিয়েছেন।
সুজিত বসু বলেন, ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। অন্যদিকে দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা বিদায়ী সাংসদ সৌগত রায় বলেন, বহু মানুষ গৃহহীন হয়ে গিয়েছে। ওদের বাড়ি তৈরি করে দিতে হবে। আর তা আমরাই করবে। তবে এই ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন সুজন চক্রবর্তী।
তাঁর দাবি, কীভাবে এই ঘটনা খতিয়ে দেখতে হবে। কার্যত চক্রান্তের অভিযোগ দমদম লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সুজনের।












Click it and Unblock the Notifications