লকআপে কেমন হবে পুলিশের আচরণ! প্রশিক্ষণের আওতায় আনার নির্দেশ হাইকোর্টের
লকআপে থাকাকালীন পুলিশ নাবালকদের সঙ্গে কী ধরনের আচরণ করবে তার জন্য পুলিশকে প্রশিক্ষণ আওতায় আনার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের একটি পুলিশি লকআপে এক নাবালকের মৃত্যুর মামলায় মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণাণ ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ।
এদিন এক মাসের মধ্যে আদালতের এই নির্দেশ কার্যকর করার কথা জানিয়ে দিয়েছে আদালত। এছাড়াও এদিন ডিভিশন বেঞ্চ স্পষ্টত জানিয়ে দিয়েছে, লকআপে থাকাকালীন অভিযুক্ত নাবালকদের সঙ্গে কি ধরনের আচরণ করতে হবে তা যুক্ত করতে হবে পুলিশের পাঠক্রমে তাও সংযোজন করতে হবে এবং এ বিষয়ে পুলিশকে আরও মানবিক হওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর মল্লারপুর থানায় পুলিশি হেফাজতে থাকাকালীন ১৫ বছরের এক কিশোর শুভ মেহেনার অস্বাভাবিকভাবে মৃত্যু হয়। সেখানে একটি চুরির ঘটনায় মল্লারপুরের বারুইপাড়ার বাসিন্দা শুভ মেহেনা নামের ওই যুবককের বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাকে গ্রেফতার করে পুলিশ। নিয়ে যাওয়া হয় থানায়। গভীর রাতে মৃত্যু হয় শুভর। এরপরই পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন মৃতের পরিবার।
অন্যদিকে, করোনা পরিস্থিতিতে রাজ্যের পিছিয়ে পড়া শিশুরা কেমন আছে সে কথা মাথায় রেখে হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি সৌমেন সেনের নেতৃত্বে একটি ডিভিশন বেঞ্চ গঠন করে দেন হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণাণ। এই বিশেষ বেঞ্চই করোনা পরিস্থিতিতে শিশু সুরক্ষার জন্য স্বতঃপ্রণোদিত মামলা চালিয়ে আসছিল। বীরভূমের মল্লারপুরের খবর সংবাদপত্রে প্রকাশ হতেই তা নিয়েও হাইকোর্টের স্বতঃপ্রণোদিত মামলায় এটি নথিভুক্ত করে বিশেষ বেঞ্চ। হাইকোর্টের দায়ের হওয়া স্বতঃপ্রণোদিত মামলায় জেলা পুলিশ সুপারের রিপোর্টে অসন্তুষ্ট হয়ে, রাজ্য পুলিশের ডিজি এবং স্বরাষ্ট্রসচিবের কাছে ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করে আদালত।
এদিন সেই মামলার শুনানিতে আদালত রাজ্য সরকারের কাছে জানতে চায় ওই নাবালকের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ বাবদ নাবালকের পরিবারকে কত টাকা দিতে পারবে রাজ্য সরকার, আগামী ১৯ মার্চের মধ্যে তা জানাতে হবে। মামলার পরবর্তী শুনানি ১৯ মার্চ।












Click it and Unblock the Notifications