মদন মিত্রের মুখে মতি শীলের নাম! কটা বউ প্রশ্নে ৫০ গোপিনীর উল্লেখ তৃণমূল নেতার
গায়ে কালো পঞ্জাবি। কানে মোবাইল। সিবিআই আধিকারিকরা বেরিয়ে যেতেই বাড়ি থেকে এই বেশেই বেরিয়ে এলেন তৃণমূল নেতা মদন মিত্র। প্রসঙ্গত এদিন নিয়োগ দুর্নীতিতে মদন মিত্রের ভবানীপুর ও কামারহাটির বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। মদন মিত্রকে তাঁরা জিজ্ঞাসাবাদও করেন।
মদন মিত্র বেরিয়ে আসতেই সাংবাদিকরা প্রশ্ন করেন কামারহাটি কিংবা অন্য কোনও পুরসভার নিয়োগ নিয়ে সিবিআই আধিকারিকরা কী প্রশ্ন করলেন তাঁকে। উত্তরে মদন মিত্র বলেন, অনরেকর্ড তাঁর কাছে জানতে চাওয়া হয়েছে তাঁর একটা বউ না দুটো বউ? মদন মিত্র তখন বলেছেন, খোঁজ করলেই তা পাওয়া যাবে।

তিনি এটাও বলেছেন, বউ অর্থে তিনি বলতে পারবেন না। তবে তিনি জানেন, তিনি হাঁটলে পিছনে ৫০ টা গোপিনী হাঁটবে। তাঁর নামে কোনও ৪৯৮-এর কেস নেই বলেও জানান মদন মিত্র। কৃষ্ণের এত বান্ধবী থাকলে, তার কেন থাকবে না, সেই প্রশ্নও করেছেন মদন মিত্র।
মদন মিত্র বলেছেন, তাঁর অফিস দক্ষিণেশ্বরে। বিধায়কের অফিসে প্রচুর লোক চাকরি চাইতে আসেন। অনেকেই জোর করে আবেদনপত্র দিয়ে যান। মদন মিত্র দাবি করেছেন, তাঁর বাড়ি থেকে কিছুই পাওয়া যায়নি, কিছু বাজেয়াপ্ত করা হয়নি, তা সিবিআই লিখে দিয়ে গিয়েছে।
মদন মিত্র এদিন দাবি করেছেন, পুরসভায় যখনকার নিয়োগ নিয়ে বলা হচ্ছে, সেই সময় তিনি বিধায়ক ছিলেন না। বরং সিবিআই কাস্টডিতে ছিলেন। তাই নিয়োগ দুর্নীতিতে তাঁর নাম জড়ানো ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। পাশাপাশি তাঁর দাবি, ঠিক কোন পুরসভায় নিয়োগ নিয়ে তাঁকে প্রশ্ন করা হচ্ছে, তা নাকি ঠিকভাবে বলেননি সিবিআই আধিকারিকরা।
মদন মিত্রের যুক্তি, ধরে নেওয়া যাক তাঁর অফিস থেকে হাজারজনের অ্যাডমিট পাওয়া গেল। তাঁদের মধ্যে থেকে একজনের চাকরি হয়েছে। তা হলে কি কোনওভাবে ধরে নেওয়া যায়, যে সেই ব্যক্তির চাকরি টাকা দিয়েই হয়েছে? চাকরি দুর্নীতিতে অয়ন শীলেন নাম তুলতেই রামকৃষ্ণের বন্ধু মতি শীলের নাম করেন মদন মিত্র।
মদন মিত্র জানিয়েছেন, তিনিও সিবিআই আধিকারিকদের পাল্টা প্রশ্ন করেছেন। তাঁর অভিনীত সিনেমা 'ও লাভলি' সিবিআই আধিকারিকরা দেখেছেন কিনা, সেই প্রশ্ন করেছেন তিনি। মদন মিত্র বলেছেন, তিনি মদন মিত্র। বুকের পাটা ফুলিয়ে বলছেন, ছেলে মেয়েদের চাকরির জন্য শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবেন।
তাতে যদি কেউ এক ইঞ্চি দুর্নীতি প্রমাণ করতে পারে, তাহলে ধরতে হবে না, তিনি নিজে গলায় দড়ি দিয়ে গঙ্গায় লাফ দেবেন বলেও জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications