Kolkata Metro: হার মানাবে দুর্গাপুজোও! জানেন বড়দিনে কত যাত্রী যাত্রা করেছেন মেট্রোয়?
Kolkata Metro: ক্রিসমাস মানে ছুটি-কেক-পিকনিক আর পার্ক স্ট্রিটের আলো। কলকাতা শহরে উৎসবের মেজাজ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সেই উৎসবে সামিল হয় আপামর কলকাতাবাসী। তাই মেট্রো রেল এই দিনের জন্য আলাদা ব্যবস্থা রেখেছিল। সকাল থেকে রাত পর্যন্ত এমনভাবেই মেট্রো চালানো হয়েছে যাতে যাত্রীদের কোনও অসুবিধা না হয়।
বিপুল সংখ্যক মানুষ এদিন মেট্রোতে (Kolkata Metro) যাতায়াত করেছেন। সকাল থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত যাত্রী সংখ্যার যে হিসেব এসেছে, তাতে গত বছরের তুলনায় সংখ্যাটা অনেকটাই বেশি। সংখ্যাটা রীতিমত চমকে দেওয়ার মতো।

তথ্য বলছে, সোমবার সকাল থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত কলকাতা মেট্রোতে (Kolkata Metro) সওয়ার হয়েছেন ২ লক্ষ ৯৮ হাজার ১১৬ জন যাত্রী। গত বছর এমন দিনে এই সংখ্যাটা ছিল ২ লক্ষ ৮০ হাজার ৩৬৩। অর্থাৎ এবছর সংখ্যাটা বেড়েছে ১৭ হাজার ৭৫৩।
কলকাতা মেট্রোর (Kolkata Metro) দেওয়া তথ্য অনুযায়ী, সবথেকে বেশি সংখ্যক যাত্রী দমদম স্টেশন থেকে উঠেছেন। সংখ্যাটা হল ৩৪ হাজার। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন (Kolkata Metro) থেকে যাত্রী উঠেছে ১৪ হাজার ৬৪৬ জন, গত বছরের সঙ্গে এই যাত্রী সংখ্যার তফাৎ ৪ হাজারের বেশি।
এসপ্লানেডে ২২ হাজার ৭৯৬ জন যাত্রী উঠেছেন, এই সংখ্যাটা গত বছরের তুলনায় ৫ হাজারের থেকে বেশি যাত্রী উঠেছে এই স্টেশন থেকে। ময়দান স্টেশন থেকে উঠেছেন ১৪ হাজার ৭০১ জন। এদিন যেহেতু ভিড় হওয়ার কথাই ছিল, তাই সকাল থেকেই নিরাপত্তার বহর বাড়ানো হয়েছিল অনেকটাই। টিকিট কাউন্টারে ভিড় সামলানোর যথেষ্ট ব্যবস্থা রাখা হয়েছিল।
বড়দিনে মেট্রোর (Kolkata Metro) সূচিতেও আনা হয়েছিল বিশেষ পরিবর্তন। এদিন প্রান্তিক স্টেশন দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছেড়েছে রাত ১০ টা ৫৮ মিনিটে। আর কবি সুভাষ স্টেশন থেকে রাতে শেষ মেট্রো ছাড়ে রাত ১১ টা ১০ মিনিটে। ফলে রাতের শেষ মেট্রো পর্যন্ত ব্যাপক ভিড় ছিল। ফলে যাত্রী সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, এবার দুর্গাপুজোতেও যাত্রী পরিবহণে কার্যত রেকর্ড গড়ে কলকাতা মেট্রো (Kolkata Metro)। গতবারের তুলনায় এবার অনেক বেশি মানুষ যাত্রা করেন মেট্রোয়। তবে আগামী ৩১ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত মেট্রো (Kolkata Metro) চলবে কিনা তা এখনও জানা যায়নি।












Click it and Unblock the Notifications